বান্দরবানের রুমা উপজেলায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছে অলাভজনক সামাজিক ও মানবকল্যাণমূলক প্রতিষ্ঠান মুহসিনীন ওয়েলফেয়ার সোসাইটি। সংস্থাটির উদ্যোগে বন্যাদুর্গত ১০০টি পরিবারের মাঝে খাদ্যসামগ্রী ও প্রয়োজনীয় ত্রাণ বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৪ জুলাই ২০২৬) বিকেল সাড়ে ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত রুমা সদর ইউনিয়নের রুমারচর পাড়া, থানা পাড়া, মুসলিম পাড়া, বাজার পাড়া, ইডেন রোড, আশ্রম পাড়া, পাইলট পাড়া এবং সদরঘাট এলাকার বন্যাকবলিত পরিবারের হাতে এসব ত্রাণসামগ্রী তুলে দেওয়া হয়।
ত্রাণ বিতরণ কার্যক্রমে নেতৃত্ব দেন মুহসিনীন ওয়েলফেয়ার সোসাইটির কো-ফাউন্ডার হাফিজ আল মোনাদি। এ সময় সংস্থার স্বেচ্ছাসেবীরা ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেন এবং তাদের হাতে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী পৌঁছে দেন।
প্রতিটি পরিবারের জন্য ত্রাণ প্যাকেজে ছিল ৫ কেজি চাল, ৩ কেজি আলু, ১ কেজি ডাল, ৫০০ গ্রাম ভোজ্যতেল, ১ কেজি পেঁয়াজ, ১ কেজি লবণ এবং একটি বড় পলিব্যাগ।
সংস্থার পক্ষ থেকে জানানো হয়, বন্যাকবলিত মানুষের দুর্ভোগ লাঘবে মানবিক দায়িত্ববোধ থেকেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ভবিষ্যতেও দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থেকে সেবামূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
ত্রাণ পেয়ে উপকারভোগীরা মুহসিনীন ওয়েলফেয়ার সোসাইটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দুর্যোগের এ সময়ে এমন মানবিক সহায়তা তাদের জন্য অত্যন্ত সহায়ক বলে জানান।