× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নীলফামারীতে জমি-সংক্রান্ত বিরোধে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, তিন লক্ষাধিক টাকা ছিনতাই

মো. সাইফুল ইসলাম, নীলফামারী

১৮ জুলাই ২০২৬, ১১:৫৪ এএম

নীলফামারীর সদর উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের জ্ঞানদাস কানাইকাটা গ্রামে জমি-সংক্রান্ত বিরোধের জেরে সোহরাব আলী নামে এক ভুট্টা ব্যবসায়ীকে কুপিয়ে গুরুতর জখম এবং তার কাছে থাকা ৩ লাখ ২৫ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ ঘটনায় আটজনের নাম উল্লেখ করে নীলফামারী সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন আহতের ছেলে মো. সাবিদুল ইসলাম।

শুক্রবার (১৭ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের জ্ঞানদাস কানাইকাটা গ্রামে এ ঘটনা ঘটে। গুরুতর আহত সোহরাব আলী বর্তমানে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

থানায় দায়ের করা অভিযোগ, স্থানীয় সূত্র ও ভুক্তভোগী পরিবারের সঙ্গে কথা বলে জানা যায়, একই গ্রামের সবুজ মিয়ার পরিবারের সঙ্গে সোহরাব আলীর পরিবারের জমি ক্রয়কে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় শুক্রবার বিকেলে ব্যবসার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে অভিযুক্তদের বাড়ির সামনে পৌঁছালে পূর্বপরিকল্পিতভাবে তার ওপর হামলা চালানো হয়।

অভিযোগে বলা হয়েছে, খোরশেদ আলম, শাহীদ ইসলাম, শিরিনা বেগম, লিমা আক্তার, তাসমিনা আক্তার, রব্বানী, সুমনা আক্তার ও সবুজ মিয়া লাঠি, দা, ধারালো ছোরা, কুড়াল ও লোহার রডসহ দেশীয় অস্ত্র নিয়ে সোহরাব আলীর পথরোধ করেন। একপর্যায়ে খোরশেদ আলম ধারালো দা দিয়ে তার মাথায় কোপ দেওয়ার চেষ্টা করলে আত্মরক্ষার জন্য হাত তুলে প্রতিহত করতে গিয়ে বাম হাতের কনুই ও কবজিতে গুরুতর জখম হয়। পরে তাকে এলোপাতাড়ি মারধর করা হয়। অভিযোগ অনুযায়ী, শিরিনা বেগম দা দিয়ে মাথা ও মুখে আঘাত করেন এবং রব্বানী গলা চেপে ধরে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করেন।

এ সময় সোহরাব আলীকে উদ্ধার করতে গেলে তার নাতি মেহেরাজ ও তামিমকেও মারধর করে আহত করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ভুক্তভোগীর ছেলে ও অভিযোগকারী মো. সাবিদুল ইসলাম বলেন, “আমার বাবা একজন ভুট্টা ব্যবসায়ী। ব্যবসার কাজে বের হওয়ার সময় পূর্বপরিকল্পিতভাবে তার ওপর হামলা চালানো হয়। ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করার পর তার কাছে থাকা ভুট্টা ব্যবসার ৩ লাখ ২৫ হাজার টাকা নিয়ে যায় হামলাকারীরা। আমরা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।”

স্থানীয়দের সহযোগিতায় আহত সোহরাব আলীকে প্রথমে নীলফামারী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

এ বিষয়ে নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান বলেন, “ঘটনার বিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। অভিযোগটি তদন্ত করে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

পুলিশ জানিয়েছে, অভিযোগের সত্যতা যাচাইয়ে তদন্ত চলছে। তদন্তে প্রাপ্ত তথ্য ও সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.