× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বিয়ে শেষে কনে নিয়ে ফেরার পথে মাইক্রোবাস খাদে, শিশুসহ নিহত ২, আহত ১২

মো. সাইফুল ইসলাম, নীলফামারী

১৮ জুলাই ২০২৬, ১১:৫৬ এএম

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় বিয়ের অনুষ্ঠান শেষে নববধূকে নিয়ে বাড়ি ফেরার পথে একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে শিশুসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় বর-কনেসহ অন্তত ১২ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (১৭ জুলাই) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে নীলফামারী-রংপুর আঞ্চলিক মহাসড়কের কিশোরগঞ্জ উপজেলার টেংগনামারী সড়কের শাল্টিবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, নীলফামারী সদর উপজেলার কচুকাটা ইউনিয়নের বন্দরপাড়া এলাকার জিকরুল ইসলামের সাত মাস বয়সী ছেলে জীবন ইসলাম এবং একই এলাকার মোজা মিয়ার ছেলে রিয়াদ ইসলাম (২০)। তিনি চলতি বছরের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে নীলফামারী সদর উপজেলার কচুকাটা বন্দরপাড়া এলাকার সিরাজুল ইসলামের ছেলে মোরছালিনের সঙ্গে কিশোরগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের কেশবা গ্রামের শরিফ মিয়ার মেয়ে সুমাইয়া আক্তারের বিয়ে সম্পন্ন হয়। বিয়ের অনুষ্ঠান শেষে বর, নববধূ ও স্বজনসহ প্রায় ১৫ জন একটি মাইক্রোবাসে করে বাড়ির উদ্দেশে রওনা দেন।

পথিমধ্যে রাত প্রায় ৩টার দিকে শাল্টিবাড়ি এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে মাইক্রোবাসটি সড়কের পাশের খাদে উল্টে পড়ে যায়। দুর্ঘটনার শব্দ শুনে স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে উদ্ধার অভিযান শুরু করেন। পরে আহতদের কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সাত মাস বয়সী জীবন ইসলাম ও এইচএসসি পরীক্ষার্থী রিয়াদ ইসলামকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনায় আহত বর-কনেসহ অপর ১২ জনকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নীল রতন দেব বলেন, রাতে মোট ১৪ জন আহত অবস্থায় হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে দুইজনকে মৃত ঘোষণা করা হয়েছে। বাকি ১২ জনকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল গফুর বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রমে সহযোগিতা করে। আইনি প্রক্রিয়া শেষে নিহত দুইজনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটনে তদন্ত চলছে।

একটি আনন্দঘন বিয়ের অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে ঘটে যাওয়া এ মর্মান্তিক দুর্ঘটনায় নিহতদের পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়দের দাবি, দুর্ঘটনার কারণ নিরূপণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পাশাপাশি মহাসড়কে নিরাপদ যান চলাচল নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.