নীলফামারীর ডোমার উপজেলায় দ্রুতগতির ট্রাকের ধাক্কায় একই পরিবারের তিন সদস্যসহ চারজন নিহত হওয়ার আলোচিত সড়ক দুর্ঘটনার ঘটনায় অভিযুক্ত ট্রাকচালক খোকন সিকদারকে (৩৫) গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৩)।
রোববার (১৯ জুলাই) দুপুরে র্যাব-১৩-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তার হওয়া খোকন সিকদার বগুড়া জেলার গাবতলী উপজেলার গোলাবাড়ী গ্রামের মো. ইব্রাহিমের ছেলে। দুর্ঘটনার পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব জানায়, গত ১২ জুলাই দুপুরে প্রতিমা রানী রায় তার সন্তানদের নিয়ে একটি ভ্যানে করে ডোমার উপজেলার শিয়ালডাঙ্গী গ্রামে আত্মীয়ের বাড়িতে বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিলেন। পথে মটুকপুর তিনতলা মসজিদ সংলগ্ন এলাকায় পৌঁছালে বগুড়া-ট-১১-২৪৭২ নম্বরের একটি দ্রুতগতির ট্রাক পেছন থেকে মিথিলা ভ্যানটিকে সজোরে ধাক্কা দেয়। সংঘর্ষের তীব্রতায় ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে উল্টে যায়।
ঘটনাস্থলেই ভ্যানচালকসহ চারজনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে একই পরিবারের তিন সদস্য ছিলেন। দুর্ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হলে তারা বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে এবং স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। দুর্ঘটনার পরপরই ট্রাকচালক পালিয়ে যান।
পরবর্তীতে নিহত প্রতিমা রানী রায়ের স্বামী বাদী হয়ে ডোমার থানায় একটি মামলা দায়ের করেন। মামলার তদন্তের পাশাপাশি আসামিকে গ্রেপ্তারে র্যাব গোয়েন্দা নজরদারি ও অভিযান শুরু করে। একপর্যায়ে অভিযুক্ত ট্রাকচালক খোকন সিকদারকে গ্রেপ্তার করা হয়।
র্যাব জানিয়েছে, গ্রেপ্তারকৃত আসামিকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে ডোমার থানায় হস্তান্তর করা হয়েছে। মামলার পরবর্তী কার্যক্রম চলমান রয়েছে।
সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে বেপরোয়া গতিতে যানবাহন চালানোর বিরুদ্ধে কঠোর আইন প্রয়োগের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাদের মতে, দায়িত্বজ্ঞানহীন ও অতিরিক্ত গতির কারণে এ ধরনের মর্মান্তিক দুর্ঘটনা বারবার ঘটছে। তাই সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে কার্যকর নজরদারি, নিয়মিত অভিযান এবং আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ জরুরি।