মৌলভীবাজারের পাহাড় ঘেঁষা সীমান্তবর্তী উপজেলা কমলগঞ্জের রাজকান্দি সংরক্ষিত বনাঞ্চল সংলগ্ন হামহাম জলপ্রপাতে আটকে পড়া ঢাকা থেকে ভ্রমণে আসা ১০ জন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে কমলগঞ্জ থানা পুলিশ, ট্যুরিস্ট পুলিশ এবং ফায়ার সার্ভিস সহ স্থানীদের সহায়তায় নিরাপদে উদ্ধার করা হয়েছে ।
সোমবার (২০ জুলাই) সকালে এ ১০ শিক্ষার্থী ঢাকা থেকে হামহাম জলপ্রপাত ভ্রমণে আসেন। তারা সবাই ঢাকার বেসরকারী ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী।
গহীণ বনের ভিতর দিয়ে জলপ্রপাতে যাওয়ার পথে তাদের মধ্যে তানভীর আহমেদ অনিক নামে এক শিক্ষার্থী পা পিছলে পড়ে হাতে আঘাত প্রাপ্ত হন। দুর্গম পাহাড়ি পথ এবং আহত সহযাত্রীকে নিয়ে ফিরে আসা সম্ভব না হওয়ায় তানভীরের সহপাঠী এক শিক্ষার্থী জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে সহায়তা চান।
পরবর্তীতে জাতীয় জরুরি সেবা (৯৯৯)-এর মাধ্যমে বিকেল ৩টার দিকে কমলগঞ্জ থানা পুলিশ বিষয়টি জানতে পেরে সঙ্গে সঙ্গে কমলগঞ্জ থানা পুলিশ, ট্যুরিস্ট পুলিশ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং স্থানীয় লোকজনের সমন্বয়ে দ্রুত উদ্ধার অভিযান চালানো হয়। অভিযান শেষে বিকেল পৌনে ৫ টার দিকে আটকে পড়া ১০ শিক্ষার্থীকে নিরাপদে উদ্ধার করা হয়।
ওদিকে উদ্ধার শেষে আহত হওয়া শিক্ষার্থীকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ ।
আহত শিক্ষার্থী তানভীর আহমেদ অনিক রাজবাড়ী জেলার পাংশা উপজেলার মাগুরাডাংগি গ্রামের মোঃ মনসুর রহমান এর ছেলে বলে জানা গেছে। তবে অন্য শিক্ষার্থীদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ কমর উদ্দিন জানান, জলপ্রপাতে আটকে পড়াদেরকে উদ্ধার করে নিরাপদে পৌঁছে দেয়া হয়েছে। আর আহত শিক্ষার্থীকে হাসপাতালে নিয়ে চিকিৎসা দেয়া হয়েছে।