× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

দীর্ঘ প্রতীক্ষার অবসান, ১০১ শয্যায় উন্নীত হলো সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

এম জামশেদ আলম, সীতাকুণ্ড প্রতিনিধি

২১ জুলাই ২০২৬, ২২:৩২ পিএম

দীর্ঘদিনের দাবি ও অপেক্ষার অবসান ঘটিয়ে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যা থেকে ১০১ শয্যাবিশিষ্ট হাসপাতালে উন্নীত করেছে সরকার। এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ। গত ১৫ জুলাই স্বাস্থ্যসেবা বিভাগের উপসচিব কাজী শরীফ উদ্দিন আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

শিল্পাঞ্চল ও পর্যটনসমৃদ্ধ সীতাকুণ্ড উপজেলার কয়েক লাখ মানুষের চিকিৎসাসেবার প্রধান সরকারি প্রতিষ্ঠান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। দীর্ঘদিন ধরে ৫০ শয্যার সীমাবদ্ধতার কারণে অতিরিক্ত রোগীর চাপ সামাল দিতে হিমশিম খেতে হচ্ছিল হাসপাতাল কর্তৃপক্ষকে। শয্যা সংকটের কারণে অনেক রোগীকে মেঝে কিংবা বারান্দায় চিকিৎসা নিতে হয়েছে। পাশাপাশি বিশেষজ্ঞ চিকিৎসক, প্রয়োজনীয় জনবল এবং আধুনিক চিকিৎসা সরঞ্জামের ঘাটতিও ছিল দীর্ঘদিনের সমস্যা।

হাসপাতালটি ১০১ শয্যায় উন্নীত করার সিদ্ধান্তকে স্থানীয়রা সময়োপযোগী ও জনবান্ধব উদ্যোগ হিসেবে দেখছেন। তাদের মতে, শয্যাসংখ্যা বৃদ্ধির পাশাপাশি বিশেষজ্ঞ চিকিৎসক, নার্স, মেডিকেল টেকনোলজিস্টসহ প্রয়োজনীয় জনবল নিয়োগ এবং আধুনিক চিকিৎসা সরঞ্জাম সরবরাহ নিশ্চিত করা হলে স্বাস্থ্যসেবার মানে উল্লেখযোগ্য উন্নয়ন ঘটবে।

সীতাকুণ্ডে দেশের অন্যতম বৃহৎ শিপব্রেকিং শিল্পাঞ্চল, ইস্পাত কারখানা, অর্থনৈতিক অঞ্চল, সমুদ্রবন্দর-সংলগ্ন এলাকা এবং জনপ্রিয় পর্যটনকেন্দ্র থাকায় প্রতিদিন বিপুলসংখ্যক শিল্পশ্রমিক, ভ্রমণকারী ও সাধারণ মানুষ এ হাসপাতালে চিকিৎসাসেবা নিতে আসেন। এ কারণে হাসপাতালটির সক্ষমতা বৃদ্ধি দীর্ঘদিনের দাবি ছিল স্থানীয়দের।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলতাফ হোসেন বলেন, “সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০১ শয্যায় উন্নীত করার সিদ্ধান্ত আমাদের জন্য অত্যন্ত আনন্দের। সরকার পর্যায়ক্রমে দেশের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোর সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নিয়েছে, যার অংশ হিসেবে সীতাকুণ্ডও এ সুযোগ পেয়েছে।

বর্তমানে হাসপাতালে ৫০টি শয্যা থাকলেও প্রতিদিন রোগীর চাপ অনেক বেশি। অনেক সময় ৭০ জনেরও বেশি রোগী ভর্তি থাকেন। ফলে অতিরিক্ত রোগীদের মেঝেতে চিকিৎসা দিতে হয়। ১০১ শয্যায় উন্নীত হলে শয্যা সংকট অনেকটাই দূর হবে এবং স্বাস্থ্যসেবার পরিধি বাড়বে।

তিনি আরও বলেন, ‘প্রাথমিক পর্যায়ে ভূমি জরিপ ও বিদ্যমান অবকাঠামোর সার্ভে সম্পন্ন হয়েছে। আশা করছি, খুব শিগগিরই অবকাঠামো উন্নয়নকাজ শুরু হবে। হাসপাতালটি ১০১ শয্যায় উন্নীত হলে বর্তমানে অনুপস্থিত ব্লাড ট্রান্সফিউশন সেবাও চালু করা সম্ভব হবে। পাশাপাশি চিকিৎসক, নার্স ও অন্যান্য জনবল বৃদ্ধি পাবে। এতে জনগণকে আরও মানসম্মত ও কার্যকর চিকিৎসাসেবা দেওয়া সম্ভব হবে।’

১০১ শয্যায় উন্নীত হওয়ার ঘোষণায় সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ও আনন্দের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত নতুন শয্যা চালু, প্রয়োজনীয় জনবল নিয়োগ, বিশেষজ্ঞ চিকিৎসক পদায়ন এবং আধুনিক চিকিৎসা সরঞ্জাম সরবরাহ নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

স্বাস্থ্যসেবা সংশ্লিষ্টদের মতে, ঘোষণার দ্রুত বাস্তবায়ন হলে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসাসেবার মান ও সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। এতে উপজেলার কয়েক লাখ মানুষ নিজ এলাকায় আরও আধুনিক, মানসম্মত ও কার্যকর চিকিৎসাসেবা পাবেন এবং উন্নত চিকিৎসার জন্য বাইরে যাওয়ার প্রয়োজনও অনেকাংশে কমে আসবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.