× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ঈশ্বরগঞ্জে ধর্ষণচেষ্টা মামলা, আসামি হুমকিতে বাড়িছাড়া পরিবার

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধিঃ

২২ জুলাই ২০২৬, ২০:০০ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে এক শারীরিক ও মানসিক প্রতিবন্ধী কিশোরীকে (১৫) অপহরণ ও ধর্ষণচেষ্টার মামলার পর আসামিদের লাগাতার হুমকি এবং প্রাণনাশের আশঙ্কায় বাড়িছাড়া হয়েছে ভুক্তভোগীর পরিবার। বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় অন্যত্র আশ্রয় নিয়ে জীবনযাপন করছেন তারা।

নিরাপত্তা নিশ্চিতকরণের আকুতি জানিয়ে গত ২০ জুলাই ময়মনসিংহের পুলিশ সুপারের কাছে একটি লিখিত আবেদন করেছেন ভুক্তভোগী পরিবার।

মামলার বিবরণ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বছরের ২৫ নভেম্বর ঈশ্বরগঞ্জ উপজেলার রাজীবপুর ইউনিয়নের ভাটি চর নওপাড়া গ্রামের ওই প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের চেষ্টা চালায় পার্শ্ববর্তী নান্দাইল উপজেলার চর শ্রীরামপুর গ্রামের সাহাদ উল্লাহর ছেলে রায়হান মিয়া (২৫)। পরবর্তীতে তাকে অপহরণ করে নিয়ে যাওয়ারও অভিযোগ ওঠে।

ঘটনার পর স্থানীয় থানায় প্রতিকার না পেয়ে ভুক্তভোগীর পরিবার ময়মনসিংহ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা দায়ের করে, যা বর্তমানে বিচারাধীন রয়েছে (মামলা নং-১৪/২০২৬)। পরবর্তীতে পুলিশ সুপারের হস্তক্ষেপে অপহৃত কিশোরীকে উদ্ধার করে আদালতের মাধ্যমে সংশোধনাগারে পাঠানো হয়।

ভুক্তভোগী বাদী জানান, মামলা করার পর থেকেই প্রধান অভিযুক্ত রায়হানসহ অন্যরা মামলা তুলে নেওয়ার জন্য বিভিন্নভাবে চাপ ও প্রাণনাশের হুমকি দিয়ে আসছে। গত ১৭ জুলাই নিজ বাড়িতে যাওয়ার চেষ্টা করলে আসামিরা তার পথরোধ করে মামলা তুলে না নিলে মেয়ের মতো একই পরিণতি ভোগ করতে হবে বলে হুমকি দেয়। এরপর থেকেই জীবনের নিরাপত্তাহীনতায় পরিবার নিয়ে পালিয়ে বেড়াচ্ছেন তিনি।

এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল আজম জানান, আসামিরা পলাতক থাকায় তাদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। বাদীকে হুমকির বিষয়টি খতিয়ে দেখে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.