× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

গুনে গুনে ঘু'স নেওয়া ফরিদপুরের সেই ভূমি কর্মকর্তা বর'খাস্ত

মো. রফিকুল ইসলাম, ভাঙ্গা (ফরিদপুর)

২৭ জুলাই ২০২৬, ২১:৫৩ পিএম

ভূমি কর্মকর্তার গুনে গুনে ঘুষ গ্রহণের ভিডিও প্রকাশ হওয়ার পর মুহূর্তের মধ্যে ভিডিওটি ভাইরাল হয়ে পড়ে। এ খবর প্রকাশ্যে আসার অল্প সময়ের ব্যবধানে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সাতৈর 'খ' ইউনিয়ন ভূমি অফিসের উপ-সহকারী ভূমি কর্মকর্তা ইমরান শেখকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। 

সেবাগ্রহীতার কাছ থেকে টাকা গুনে নেওয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল ও অনলাইন সংবাদমাধ্যমে আসার কয়েক ঘণ্টার মধ্যেই রবিবার (২৬ জুলাই) রাতে জেলা প্রশাসন এই কড়া পদক্ষেপ গ্রহণ করে।

সোমবার (২৭ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেন ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মিন্টু বিশ্বাস। এর আগে রবিবার রাতে জেলা প্রশাসক মাজহারুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে তাঁকে বরখাস্ত করা হয়।

জেলা প্রশাসনের জারি করা আদেশে বলা হয়েছে, বোয়ালমারী উপজেলার সাতৈর 'খ' ইউনিয়ন ভূমি অফিসের উপ-সহকারী ভূমি কর্মকর্তা ইমরান শেখের বিরুদ্ধে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর ৩(খ) ও ৩(ঘ) ধারায় বর্ণিত অসদাচরণ ও দুর্নীতির অভিযোগে একই বিধিমালার ১২(১) ধারা অনুযায়ী ২৬ জুলাই ২০২৬ থেকে তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্তকালীন সময়ে বিধি অনুযায়ী তিনি খোরপোষ ভাতা পাবেন।

উল্লেখ্য, গত রবিবার (২৬ জুলাই) বিকেলে ইমরান শেখের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগসংবলিত একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে। ২ মিনিট ২২ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, তিনি নিজের কার্যালয়ে চেয়ারে বসে এক সেবাগ্রহীতার কাছ থেকে টাকা নিয়ে গুনে গুনে রাখছেন। ভিডিওটি ছড়িয়ে পড়ার পরপরই সুশীল সমাজ ও জনমনে ব্যাপক সমালোচনার ঝড় ওঠে।

 ভিডিওতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সম্পর্কেও তাঁকে বিতর্কিত মন্তব্য করতে শোনা যায়। তিনি বলছিলেন, উনিও ৪০তম বিসিএস, আমিও ৪০তম বিসিএস। উনার কপাল ভালো, উনি ক্যাডার হয়েছেন, আর আমি নন-ক্যাডার হয়েছি।

অবশ্য অভিযুক্ত ইমরান শেখ এ অভিযোগ অস্বীকার করে দাবি করেন, ভিডিওতে দেখা টাকা ঘুষের নয়, বরং পূর্বে ধার দেওয়া অর্থ ফেরত নেওয়ার মুহূর্ত ছিল এটি। তবে তিনি কার কাছ থেকে টাকা ফেরত নিচ্ছিলেন, সে বিষয়ে কোনো সুনির্দিষ্ট নাম-পরিচয় প্রকাশ করতে পারেননি।

বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম রকিবুল হাসান জানান, এর আগেও দাপ্তরিক অনুপস্থিতির কারণে ইমরান শেখকে শোকজ করা হয়েছিল। পরবর্তীতে ঘুষের ভিডিও ছড়িয়ে পড়লে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সহকারী কমিশনার (ভূমি)-কে নির্দেশ দেওয়া হয়।

প্রশাসনের দায়িত্বশীল কর্মকর্তারা জানিয়েছেন, প্রাথমিক পদক্ষেপ হিসেবে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পরবর্তী বিভাগীয় তদন্ত শেষে বিধি অনুযায়ী তাঁর বিরুদ্ধে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.