গত ১৮ মাসের লুটপাট ও দুর্নীতির ফাইল খোলা হলে তরুণ উপদেষ্টারা কোথায় যাবেন—এমন মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী বরকত উল্যাহ বুলু।
তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়া যেভাবে দেশ পরিচালনা করেছেন, তারেক রহমান সেভাবেই কাজ করবেন। তিনি ১ সেকেন্ডের জন্যও দেশের স্বার্থবিরোধী কোনো কাজ করবেন না।
বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌরসভার খাল খনন, উন্নয়ন ও খালপাড়ে ওয়াকওয়ে নির্মাণকাজের শুভ উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কায়েসুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা শিক্ষা কর্মকর্তা জহিরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বরকত উল্যাহ বুলু আরো বলেন, তারেক রহমানকে ৫ বছর সঠিকভাবে দেশ পরিচালনার সুযোগ দিলে বাংলাদেশ ২৫ বছর এগিয়ে যাবে। এছাড়া সিটি করপোরেশন গঠনের বিষয়েও তিনি গণভোট আয়োজনের ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী ফজলুল হক, উপজেলা বিএনপির আহ্বায়ক কামাক্ষ্যা চন্দ্র দাস, সদস্য সচিব মাহফুজুল হক আবেদ, পৌর বিএনপির আহ্বায়ক জহির উদ্দিন হারুন, ও সদস্য সচিব মোহাম্মদ মহসিন আলম এবং উপজেলা বিএনপির সদস্য আহসান উল্লাহসহ স্থানীয় নেতারা।
দীর্ঘদিনের কাঙ্ক্ষিত এই খাল খনন ও ওয়াকওয়ে নির্মাণকাজের উদ্বোধন করায় চৌমুহনী কলেজের সাবেক ছাত্রনেতা ও ঠিকাদার মোশারফ হোসেন সাবেক সংসদ সদস্য বরকত উল্যাহ বুলু এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
প্রকল্পের কাজ সম্পন্ন হলে বেগমগঞ্জে বন্যা ও জলাবদ্ধতাসহ নানাবিধ নাগরিক সমস্যার সমাধান হবে বলে স্থানীয় সর্বস্তরের জনগণ আশাবাদ ব্যক্ত করেন।