× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

রংপুরে এএসআই নিয়োগে জাল প্রবেশপত্রসহ চারজন গ্রেপ্তার

কামরুল হাসান টিটু, রংপুর ব‌্যু‌রো

০২ আগস্ট ২০২৬, ১১:৪৩ এএম

ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে ২০২৬ সালের নিয়োগ পরীক্ষায় জাল প্রবেশপত্র ব্যবহার এবং প্রক্সি পরীক্ষার্থীর মাধ্যমে প্রতারণার চেষ্টার অভিযোগে সংঘবদ্ধ দালাল চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে রংপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

রংপুর জেলা পুলিশ সূত্রে জানা গেছে, জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হকের নির্দেশনা এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস)-এর তত্ত্বাবধানে গত শুক্রবার (৩১ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের মূল ফটকে দায়িত্বরত পুলিশ সদস্যরা এক যুবকের গতিবিধি সন্দেহজনক মনে হলে তাকে জিজ্ঞাসাবাদ ও যাচাই-বাছাই করেন। এ সময় তার কাছ থেকে একটি জাল প্রবেশপত্র উদ্ধার করা হয়।

আটক যুবক আশরাফুল ইসলাম (২১) জিজ্ঞাসাবাদে স্বীকার করেন, তিনি প্রকৃত পরীক্ষার্থী নন। তার পরিবর্তে পরীক্ষায় অংশ নেওয়ার জন্য প্রক্সি পরীক্ষার্থী হিসেবে তাজমিলুর রহমান (১৯) কেন্দ্রে এসেছিলেন। পরে তাকেও আটক করা হয়।

প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পারে, ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কামালকাছনা কার্যালয়ে কর্মরত বাদশা মাসউদ আলম (৪৮) এবং তার সহযোগী নুরুল ইসলাম (৪৬) আশরাফুলকে ১৭ লাখ টাকার বিনিময়ে ক্যাডেট এএসআই পদে চাকরি পাইয়ে দেওয়ার আশ্বাস দেন। এ লক্ষ্যে আশরাফুলের পরিবারের কাছ থেকে প্রথম ধাপে ব্যাংকের মাধ্যমে ২ লাখ ৫০ হাজার টাকা নেওয়া হয়। পরে হোয়াটসঅ্যাপের মাধ্যমে তার কাছে একটি জাল প্রবেশপত্র পাঠানো হয়।

আশরাফুলের দেওয়া তথ্যের ভিত্তিতে গোয়েন্দা পুলিশ রংপুর নগরীর জাহাজ কোম্পানি মোড় এলাকা থেকে বাদশা মাসউদ আলমকে গ্রেপ্তার করে। পুলিশ জানিয়েছে, তার ব্যবহৃত মোবাইল ফোনে প্রতারণা, অর্থ লেনদেন এবং জাল প্রবেশপত্র তৈরির সঙ্গে সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ তথ্য-প্রমাণ পাওয়া গেছে।

বাদশা মাসউকে জিজ্ঞাসাবাদে আরও জানা যায়, নুরুল ইসলামসহ আরও দুই থেকে তিনজন অজ্ঞাত ব্যক্তি দীর্ঘদিন ধরে এ ধরনের প্রতারণামূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছিলেন। তারা জাল প্রবেশপত্র তৈরি করে মোটা অঙ্কের অর্থের বিনিময়ে চাকরি পাইয়ে দেওয়ার নামে প্রতারণা করতেন। পাশাপাশি, চক্রের সদস্যরা বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তার পরিচয় ব্যবহার করে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মোবাইল ফোনে যোগাযোগ করে বিভ্রান্তি সৃষ্টিরও চেষ্টা করতেন।

পুলিশের ভাষ্য অনুযায়ী, অভিযুক্তদের কাছ থেকে জাল প্রবেশপত্র, অর্থ লেনদেনের স্ক্রিনশট, মোবাইল ফোনসহ বিভিন্ন ডিজিটাল ডিভাইস উদ্ধার ও জব্দ করা হয়েছে। এছাড়া চক্রের আরেক সদস্য নুরুল ইসলামকে আরপিএমপির কোতোয়ালি থানার সহযোগিতায় ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।

এ ঘটনায় আরপিএমপির কোতোয়ালি থানায় Public Examinations (Offences) (Amendment) Act, ২০২৬-এর ৩/১৩ ধারাসহ দণ্ডবিধির ৪০৬, ৪২০, ৪০৯, ৪৬৮, ৪৭১, ৪৭৪, ১০৯, ১৭০ ও ৩৪ ধারায় মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, প্রতারণার সঙ্গে জড়িত চক্রের অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.