চট্টগ্রামের সীতাকুণ্ড বাজারে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত এবং পচা-নষ্ট খাবার সংরক্ষণ ও বিক্রির অভিযোগে দুই রেস্তোরাঁকে মোট ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে উদ্ধার হওয়া পচা ও নষ্ট খাদ্যসামগ্রী জনস্বার্থে তাৎক্ষণিকভাবে ধ্বংস করা হয়েছে।
সোমবার (৩ আগস্ট) সীতাকুণ্ড বাজারে পরিচালিত এ অভিযানে আল-আমিন রেস্তোরাঁকে ২০ হাজার টাকা এবং রাজবাড়ী রেস্তোরাঁকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ফখরুল ইসলাম।
অভিযানসংশ্লিষ্ট সূত্র জানায়, পরিদর্শনের সময় দুই প্রতিষ্ঠানে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুতের পাশাপাশি পচা ও নষ্ট খাবার সংরক্ষণ এবং বিক্রির প্রমাণ পাওয়া যায়। এসব অনিয়ম জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ হওয়ায় সংশ্লিষ্ট আইনে দুই প্রতিষ্ঠানকে অর্থদণ্ড প্রদান করা হয়। পরে উদ্ধার হওয়া পচা ও নষ্ট খাদ্যসামগ্রী তাৎক্ষণিকভাবে ধ্বংস করা হয়, যাতে সেগুলো পুনরায় বাজারজাত করা না যায়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ফখরুল ইসলাম বলেন, জনস্বাস্থ্য সুরক্ষা এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে। খাদ্য প্রস্তুত, সংরক্ষণ ও বিক্রির ক্ষেত্রে স্বাস্থ্যবিধি লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
স্থানীয়রা জনস্বার্থে প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে সীতাকুণ্ডের সব খাদ্য প্রতিষ্ঠানে নিয়মিত তদারকির দাবি জানান।