× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মৌলভীবাজারে স্কুল শিক্ষিকার বাসায় ডাকাতির ঘটনায় আলোচিত মাদক সম্রাট জাহাঙ্গীর গ্রেফতার

মো. আব্দুল কাইয়ুম, মৌলভীবাজার

০৪ আগস্ট ২০২৬, ১৩:০৫ পিএম

প্রায় ১০ থেকে ১২টি মাদক মামলার আসামী মৌলভীবাজার সদর উপজেলার গিয়াসনগর ইউনিয়নের নিতেশ্বর ও মোকামবাজার এলাকার আতঙ্ক, আলোচিত মাদক সম্রাট জাহাঙ্গীরকে নিতেশ্বর এলাকয় গত ২৮ জুলাই মধ্যরাতে এক স্কুল শিক্ষিকার বসত ঘরে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতির ঘটনায় দায়ের করা মামলায় গ্রেফতার করেছে পুলিশ। এর আগেও জাহাঙ্গীর কে বহুবার মাদক মামলায় গ্রেফতার করা হলেও এবারই প্রথম পুলিশের হাতে গ্রেফতার হয় ডাকাতির ঘটনায়।

গত সোমবার বিকেল সাড়ে ৩ টার দিকে নিতেশ্বর এলাকায় জাহাঙ্গীর কে নিজ বাড়ি থেকে সদর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) আশরাফুল আলম চৌধুরী এর নেতৃতে অভিযান চালিয়ে গ্রেফতার করে সদর মডেল থানা পুলিশের একটি চৌকস দল। এ নিয়ে একমাসের মধ্যে দুইবার গ্রেফতার হয় আলোচিত জাহাঙ্গীর।

সূত্রে জানা যায়, গত ২৮ জুলাই রাত দেড়টার দিকে সদর উপজেলার নিতেশ্বর গ্রামের সৈয়দ আব্দুল মুয়াজিদ, ছেলে সৈয়দ মোহতাছিম মাহমুদ ও স্ত্রী সহ পরিবারের সদস্যরা খাওয়া-দাওয়া শেষ করে ঘুমিয়ে পড়েন। রাত সাড়ে ৩টার দিকে সৈয়দ আব্দুল মুয়াজিদ ঘুমের মধ্যে তাঁর বসত ঘরে মানুষের উপস্থিতির শব্দ টের পান। এসময় তিনি তাঁর ছেলেকে নাম ধরে ডাক দিলে অজ্ঞাত দুই ব্যক্তি ঘরের পিছনের দরজা ভেঙ্গে রুমে প্রবেশ করে চাকু সহ দেশীয় অস্ত্র দিয়ে ভয়ভীতি দেখালে পরিবারের সদস্যরা ভিতসন্ত্রস্ত হয়ে পড়েন।

পরবর্তীতে পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে বসিয়ে রেখে অজ্ঞাত ওই দুই ব্যক্তি ঘরের আলমিরা ভেঙে সৈয়দ আব্দুল মুয়াজিদ এর স্ত্রীর ব্যবহৃত স্বর্ণের নেকলেস,স্বর্ণের চেইন, স্বর্ণের কানপাশা, স্বর্ণের কানের দোল সহ মোট ৫ ভরি স্বর্ণ, ১ ভরি রোপা নিয়ে পালিয়ে যায়। যার বাজার মূল্য মোট ৯লক্ষ ২১ হাজার ৬শত টাকা। এছাড়াও আলমিরার ভিতরে রক্ষিত নগদ ১ লক্ষ ৩৫ হাজার টাকা ও তাদের পরিবারের সদস্যদের ব্যবহৃত ৬টি দামি স্মার্টফোন যার আনুমানিক মূল্য ১ লক্ষ ৫ হাজার টাকা নিয়ে যায়।


মধ্য রাতে ঘরের পিছনের দরজা ভেঙে ডাকাতির এ ঘটনার খবর গোটা এলাকায় ছড়িয়ে পড়লে তোলপাড় আর আতঙ্ক বিরাজ করে সাধারণ মানৃুষের মধ্যে। এ ঘটনার তিনদিন পর সৈয়দ আব্দুল মুয়াজিদ বাদী হয়ে চলতি মাসের ১ আগস্ট অজ্ঞাত ব্যক্তিদের আসামী করে মৌলভীবাজার সদর মডেল থানায় মামলা দায়ের করেছেন। ওই মামলায় মূলত নিতেশ্বর এলাকার চিহ্নিত মাদক সম্রাট জাহাঙ্গীরকে তাঁর বাড়িতে অভিযান চালিয়ে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃত জাহাঙ্গীর নিতেশ্বর এলাকার মৃত সুরুজ মিয়ার ছেলে বলে জানিয়েছে পুলিশ।


গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, প্রতিবেশীর ঘরে প্রবেশ করে ভয়ভীতি দেখিয়ে জিনিসপত্র চুরি করে নিয়ে যাওয়ার ঘটনায় দায়ের করা মামলায় তাঁকে গ্রেফতার করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, জাহাঙ্গীর ও তাঁর ভাই শাহজাহান মিয়ার নেতৃত্বে মিলেমিশে এলাকায় মাদক সাম্রাজ্য গড়ে তোলার অভিযোগ দীর্ঘদিনের। আলোচিত এই দুই মাদক ব্যবসায়ীদের প্রভাবে নিতেশ^র ও মোকামবাজার এলাকার অনেক তরুণ-যুবক মাদকের ভয়ঙ্কর ছোবলে আসক্ত হয়ে পড়েছেন বলে অভিযোগ উঠেছে। এসব অভিযোগ নিয়ে দুই এলাকার শতাধিক নাগরিক প্রতিকার চেয়ে চলতি বছরের গত জুলাই মাসে পুলিশ সুপারের স্বরনাপন্ন হয়ে লিখিত অভিযোগ দায়ের করেন। এলাকাবাসীর অভিযোগ, জাহাঙ্গীর মিয়া ও বড় ভাই শাহজাহান মিয়া দীর্ঘ দেড়যোগ ধরে এলাকায় ইয়াবা, হিরোইন, গাজা, ফেনসিডিল ও দেশীয় মদ সহ ভয়ঙ্কর সব মাদক ব্যাবসার সাম্রাজ্য গড়ে তুলেছেন। এর সাথে রয়েছে বেশ বড় একটি চক্র। তাদের মাদক ব্যবসার মারাত্মক প্রভাব পড়েছে মোকামবাজার, নিতেশ^র সহ আশপাশের এলাকায়। এতে নানা বয়সীরা মাদকে আসক্ত হয়ে পড়ছে। ইতিমধ্যে এই দুই ভাইয়ের মাদক সাম্রাজ্যের বিরুদ্ধে গোটা এলাকার মানুষ ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদ করেও কোন প্রতিকার পাচ্ছেন না। তাদের ভয়ে এলাকার কেউই প্রকাশ্যে কোন প্রতিবাদও করছেন না। কেউ প্রতিবাদ করলে অস্ত্রের মুখে তাদের নানা ভাবে ভয় আর হুমকি-ধমকি দিচ্ছে। এসব কারণে পুরো এলাকার মানুষ আতঙ্কিত ও ক্ষুব্ধ।

সূত্রে জানা যায়. শাহজাহান ও তাঁর ভাই জাহাঙ্গীরের বিরুদ্ধে মিলেমিশে মাদক ব্যবসার অভিযোগ দীর্ঘদিনের। এসব অভিযোগের ভিত্তিতে জাহাঙ্গীরকে পুলিশ বারবার ইয়াবাসহ আটক করলেও আইনের ফাঁকফোকর পেড়িয়ে জামিনে বেড়িয়ে এসে ফের মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে জাহাঙ্গীর ও তাঁর ভাই শাহজাহান। পুলিশ জানিয়েছে এ পর্যন্ত জাহাঙ্গীরের বিরুদ্ধে ১০ থেকে ১২টি মাদক মামলা রয়েছে। এলাকাবাসীর অভিযোগ, বিগত আওয়ামীলীগ সরকারের শাসনামলে স্থানীয় আওয়ামীলীগের নেতাদের ছত্রছায়ায় এবং প্রকাশ্য ইন্ধনে জাহাঙ্গীর ও শাহজাহান এলাকায় মাদক সাম্রাজ্য গড়ে তুলে। ওই সময়ে তাদের বিরুদ্ধে কেউ প্রতিবাদ করলে প্রাণনাশের হুমকি ছিল স্বাভাবিক। এসব বিষয়ে প্রতিকার পেতে এলাকাবাসী এবার বাধ্য হয়ে আইনগত প্রতিকার চেয়ে সহায়তা চেয়েছেন জেলা পুলিশ সুপারের।

এ বিষয়ে ১২ নং গিয়াসনগর ইউনিয়নের ৮ নং ওয়ার্ড সদস্য বিএনপি নেতা সাজ্জাদুর রহমান জানান, মাদক ব্যবসায়ী জাহাঙ্গীরের যন্ত্রনায় গোটা এলাকার মানুষ এখন অতিষ্ঠ এবং তাঁর কারণে এলাকার যুব সমাজ ধ্বংশের ধারপ্রান্তে। তাঁর বিরুদ্ধে অসংখ্য অভিযোগ রয়েছে এবং সে অনেকবারই পুলিশের হাতে ধরা পড়েছে। কিছুদিন আগে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে এলাকাবাসী গণস্বাক্ষর কর্মসূচি পালন করেছে এবং ইতিমধ্যে পুলিশও ব্যবস্থা নিয়েছে। তিনি বলেন, এই চক্রের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে এলাকার অনেকে হামলার শিকার হয়েছেন।    

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.