× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

জুলাই গণঅভ্যুত্থান দিবসে নীলফামারীতে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা, শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা

মো. সাইফুল ইসলাম, নীলফামারী।

০৬ আগস্ট ২০২৬, ১৩:৪১ পিএম

‘জুলাই চেতনায় গড়বো দেশ—সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উপলক্ষে নীলফামারীতে বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন, শহীদ পরিবার ও আহত জুলাই যোদ্ধাদের সংবর্ধনা এবং আলোচনা সভার আয়োজন করেছে জেলা প্রশাসন।

বুধবার সকালে জেলা প্রশাসনের উদ্যোগে নীলফামারী জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিনের কর্মসূচির সূচনা হয়। জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নায়িরুজ্জামানের নেতৃত্বে আহত জুলাই যোদ্ধা, শহীদ পরিবারের সদস্য, সরকারি কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। 

এ সময় জুলাই গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। পরে তাঁদের বিদেহী আত্মার মাগফিরাত ও চিরশান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

শ্রদ্ধা নিবেদন শেষে জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান, জেলা পরিষদের প্রশাসক মিজানুর রহমান চৌধুরী, পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন খান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. সাইদুল ইসলাম, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা জুলাই গণঅভ্যুত্থানের বীর শহীদ রুবেল ইসলামের কবর জিয়ারত করেন। সেখানে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত ও চিরশান্তি কামনায় বিশেষ দোয়া করা হয় এবং দেশ ও জাতির জন্য তাঁর অসামান্য আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা ও বিনম্র কৃতজ্ঞতা জানানো হয়।

পরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের সম্মানে সংবর্ধনা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নায়িরুজ্জামান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য বিলকিস ইসলাম এবং নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনের সংসদ সদস্য হাফেজ আব্দুল মুনতাকিম। এছাড়া জেলা পরিষদের প্রশাসক মিজানুর রহমান চৌধুরী, পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন খান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. সাইদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নুজহাত তাসনিম আক্তার, জেলা বিএনপির আহ্বায়ক মীর সেলিম ফারুক, জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, জুলাই যোদ্ধা, শহীদ পরিবারের সদস্য, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানের বীর শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয় এবং আহত জুলাই যোদ্ধাদের অবদানের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়। একই সঙ্গে শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের হাতে জাতির শ্রদ্ধা ও সম্মানের প্রতীক হিসেবে শুভেচ্ছা স্মারক তুলে দেওয়া হয়।

আলোচনা সভায় বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁদের আদর্শ ও আত্মদানের চেতনা ধারণ করে একটি ন্যায়ভিত্তিক, বৈষম্যহীন, মানবিক, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। একই সঙ্গে গণতান্ত্রিক মূল্যবোধ, ন্যায়বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় সম্মিলিত উদ্যোগ অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.