× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

চলতি মাসেই লঘুচাপের শঙ্কা, হতে পারে বন্যা

ডেস্ক রিপোর্ট।

০৮ আগস্ট ২০২৬, ১১:৫০ এএম

ছবি: সংগৃহীত।

চলতি আগস্ট মাসে দেশে সামগ্রিকভাবে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও বজ্রঝড়, লঘুচাপ এবং স্বল্পমেয়াদি বন্যার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পাশাপাশি এই মাসে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিক অপেক্ষা কিছুটা বেশি থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের পরিচালক (চলতি দায়িত্ব) ও বিশেষজ্ঞ কমিটির চেয়ারম্যান মো. আজিজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ পূর্বাভাস জানানো হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগস্ট মাসে বঙ্গোপসাগরে এক থেকে দুটি মৌসুমি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে অন্তত একটি মৌসুমি নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। এ মাসে সারাদেশে ৫ থেকে ৬ দিন হালকা থেকে মাঝারি ধরনের বজ্রঝড় হতে পারে।

এসময়ে দেশে এক থেকে দুটি মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যেতে পারে। এছাড়া এ মাসে দৈনিক গড় বাষ্পীভবন ২ দশমিক ৫ থেকে ৪ দশমিক ৫ মিলিমিটার এবং গড় সূর্যকিরণকাল ৫ দশমিক ৫ থেকে ৬ দশমিক ৫ ঘণ্টা হতে পারে।

বৃষ্টিপাত ও নদ-নদীর অবস্থা নিয়ে পূর্বাভাসে বলা হয়েছে, আগস্ট মাসে ভারী বৃষ্টিপাতজনিত কারণে দেশের উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল এবং দক্ষিণ-পূর্বাঞ্চলীয় পার্বত্য এলাকায় স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। এ সময় দেশের প্রধান নদ-নদীসমূহের পানি সামগ্রিকভাবে বৃদ্ধি পেতে পারে।

গত জুলাই মাসের আবহাওয়া পর্যালোচনা করে দেখা গেছে, সারাদেশে স্বাভাবিকের চেয়ে ৩৫ দশমিক ৬ শতাংশ বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

এর মধ্যে চট্টগ্রাম বিভাগে সর্বোচ্চ ৫৯ শতাংশ এবং সিলেটে ৩৭ দশমিক ৩ শতাংশ বেশি বৃষ্টি হয়েছে। তবে ময়মনসিংহ বিভাগে স্বাভাবিকের চেয়ে ০.০৫ শতাংশ কম বৃষ্টিপাত হয়েছে।

জুলাই মাসে বঙ্গোপসাগরে তিনটি লঘুচাপ সৃষ্টি হয়েছিল, যার মধ্যে দুটি মৌসুমী নিম্নচাপে পরিণত হয়। গত মাসে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহীতে ৩৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস (৪ জুলাই) এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল সিলেটে ২২ ডিগ্রি সেলসিয়াস (২১ ও ২২ জুলাই)। এছাড়া ৮ জুলাই চট্টগ্রামে দেশের সর্বোচ্চ দৈনিক বৃষ্টিপাত ৩২৯ মিলিমিটার রেকর্ড করা হয়।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.