চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক তিন ভারতীয়কে অবৈধভাবে বাংলাদেশে পুশ-ইন চেষ্টা সফলভাবে প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)।
মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) সূত্রে জানা যায়, শনিবার দিবাগত রাত আনুমানিক ১টা ৩০ মিনিটের দিকে জীবননগর উপজেলার মাধবখালী বিওপির আওতাধীন সীমান্ত পিলার ৭০/২-এস সংলগ্ন গেট দিয়ে প্রতিপক্ষ বিএসএফ ব্যাটালিয়নের মেত্রী ক্যাম্পের সদস্যরা তিন ভারতীয় নাগরিককে (এক পুরুষ ও দুই নারী) জোরপূর্বক বাংলাদেশে পুশ-ইন করার চেষ্টা করে।
বাংলাদেশে প্রবেশের আগেই মাধবখালী বিওপির টহল দলের নজরে আসেন ওই তিন নাগরিক। বিজিবি টহল দল তাৎক্ষণিক দৃঢ় অবস্থান নিয়ে তাদের সীমান্ত অতিক্রম করতে বাধা দেয় এবং কড়া নজরদারিতে রাখে। বিজিবির বাধার মুখে ব্যর্থ হয়ে ভোর আনুমানিক ৫টা ২০ মিনিটের দিকে তারা ভারতের কাঁটাতারের দিকে ফিরে যেতে বাধ্য হয়। পরবর্তীতে সকাল ৫টা ৫৫ মিনিটে বিএসএফের মেত্রী ক্যাম্পের সদস্যরা ৬৮/৬-এস সীমান্ত গেট খুলে ওই তিন ভারতীয় নাগরিককে তাদের অভ্যন্তরে ফিরিয়ে নিয়ে যায়।
মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) পক্ষ থেকে জানানো হয়েছে, বিজিবির সময়োচিত ও কঠোর তৎপরতার কারণেই বিএসএফের এই অবৈধ পুশ-ইনের চেষ্টা ব্যর্থ করা সম্ভব হয়েছে। ঘটনাটি ইতোমধ্যে ৩২ বিএসএফ ব্যাটালিয়নকে অবহিত করা হয়েছে। সীমান্ত সুরক্ষা, যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ ও পুশ-ইন প্রতিরোধে বিজিবি সীমান্তে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে বলেও এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।