নতুন তৈরি করা ঘরে স্ত্রীকে নিয়ে সংসার শুরুর প্রস্তুতি চলছিল। সেই ঘরের জন্য মালামাল কিনতে যশোর শহরে এসে আর বাড়ি ফেরা হলো না আবদুর রশিদ ও তার স্ত্রী সাবিরা খাতুনের। পথেই মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এই দম্পতি।
রোববার (৯ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে যশোর সেনানিবাসের মূল ফটকের সামনে মোটরসাইকেল ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। নিহত আবদুর রশিদ যশোরের চৌগাছা উপজেলার মডেলপাড়া গ্রামের ইসমাইলের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নবনির্মিত ঘরের জন্য মালামাল কিনতে স্ত্রীকে নিয়ে মোটরসাইকেলে করে যশোর শহরে আসেন আবদুর রশিদ। কেনাকাটা শেষে চৌগাছায় নিজেদের বাড়ির উদ্দেশ্যে ফেরার পথে যশোর সেনানিবাসের মূল ফটকের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইকের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুজনেই মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় প্রথমে সাবিরা খাতুনের মৃত্যু হয়। পরে রশিদের শারীরিক অবস্থার অবনতি হলে ঢাকায় নেওয়ার পথে তারও মৃত্যু হয়।
এ বিষয়ে চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ বলেন, সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রীর মৃত্যুর খবর আমরা পেয়েছি। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।