× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

এসএসসি পরিক্ষায় রাজশাহীতে পাশের হার ৬৩. ৬৭ শতাংশ

চার বছরে জিপিএ-৫ কমেছে প্রায় ২৬ হাজার

রাজশাহী ব্যুরো

১০ আগস্ট ২০২৬, ১৪:০৭ পিএম

রাজশাহী শিক্ষা বোর্ডে চলতি বছরের এসএসসি পরীক্ষার ফলাফলে গত কয়েক বছরের তুলনায় পাশের হার ও জিপিএ-৫—দুটিই কমেছে। বোর্ডের পরিসংখ্যান অনুযায়ী, ২০২৬ সালে মোট পরীক্ষার্থী ছিল প্রায় ১ লাখ ৭৯ হাজার। এর মধ্যে উপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা ছিল প্রায় ১ লাখ ৭৭ হাজার। অনুপস্থিত ছিল ২ হাজার ৯০৮ জন। ২০২৬ সালে পাশের হার ৬৩.৬৭ শতাংশে। জিপিএ-৫ পেয়েছে ১৬ হাজার ৬১৩ জন শিক্ষার্থী।

বোর্ডের পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫ সালে পাশের হার ছিল ৭৭.৬৩ শতাংশ। সে বছর জিপিএ-৫ পেয়েছিল ২২ হাজার ৩২৭ জন। অর্থাৎ এক বছরের ব্যবধানে পাশের হার কমেছে প্রায় ১৪ শতাংশীয় পয়েন্ট, আর জিপিএ-৫ কমেছে প্রায় ৫ হাজার ৭০০ জন।
এর আগে ২০২৪ সালে রাজশাহী শিক্ষা বোর্ডে পাশের হার ছিল ৮৯.২৬ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছিল ২৮ হাজার ৭৪ জন। ২০২৩ সালে পাশের হার ছিল ৮৭.৮৯ শতাংশ, জিপিএ-৫ পেয়েছিল ২৬ হাজার ৮৭৭ জন। ২০২২ সালে পাশের হার ছিল ৮৫.৮৮ শতাংশ, আর জিপিএ-৫-এর সংখ্যা ছিল সর্বোচ্চগুলোর একটি—৪২ হাজার ৫২৭ জন। তবে ২০২১ সালে পাশের হার আরও বেশি ছিল। ওই বছর ৯৪.৭১ শতাংশ শিক্ষার্থী পাস করে এবং জিপিএ-৫ পায় ২৯ হাজার ৭০৯ জন। ২০২০ সালে পাশের হার ছিল ৯০.৭৯ শতাংশ, জিপিএ-৫ পেয়েছিল ২৬ হাজার ৬৬৯ জন। পরিসংখ্যানের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো, সাত বছর ধরেই মেয়েদের পাশের হার ছেলেদের তুলনায় বেশি। ২০২৬ সালে মেয়েদের পাশের হার ৭০.৭৩ শতাংশ, বিপরীতে ছেলেদের পাশের হার ৫৭.৩৩ শতাংশ। ২০২৫ সালে মেয়েদের পাশের হার ছিল ৮২.০১ শতাংশ, ছেলেদের ৭৩.৬৪ শতাংশ। ২০২৪ সালে মেয়েদের ৯১.৯০ শতাংশ এবং ছেলেদের ৮৬.৭৮ শতাংশ শিক্ষার্থী পাস করে। জিপিএ-৫-এর ক্ষেত্রেও ২০২৬ সালে মেয়েরা এগিয়ে। এ বছর জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের মধ্যে ৮ হাজার ৯৯১ জন ছাত্রী এবং ৭ হাজার ৬২২ জন ছাত্র।

২০২৫ সালে পরীক্ষার্থীর সংখ্যা ছিল প্রায় ১ লাখ ৮৩ হাজার, উপস্থিত ছিল প্রায় ১ লাখ ৮০ হাজার এবং অনুপস্থিত ছিল ২ হাজার ৪৮২ জন। ২০২৪ সালে পরীক্ষার্থী ছিল প্রায় ২ লাখ ৮ হাজার, ২০২৩ সালে ২ লাখ ৬ হাজারের বেশি, ২০২২ সালে প্রায় ১ লাখ ৯৭ হাজার, ২০২১ সালে ২ লাখ ৮ হাজারের বেশি এবং ২০২০ সালে ২ লাখ ৫ হাজারের বেশি।

সাত বছরের পরিসংখ্যানে জিপিএ-৫-এর ক্ষেত্রে সবচেয়ে উল্লেখযোগ্য বছর ২০২২। ওই বছর রাজশাহী শিক্ষা বোর্ডে ৪২ হাজার ৫২৭ জন জিপিএ-৫ পায়। পরের বছরই তা নেমে আসে ২৬ হাজার ৮৭৭ জনে। ২০২৪ সালে কিছুটা বেড়ে হয় ২৮ হাজার ৭৪ জন, ২০২৫ সালে কমে ২২ হাজার ৩২৭ জন এবং ২০২৬ সালে আরও কমে দাঁড়িয়েছে ১৬ হাজার ৬১৩ জনে। অর্থাৎ ২০২২ সালের তুলনায় ২০২৬ সালে জিপিএ-৫ কমেছে প্রায় ২৫ হাজার ৯০০ জন। অন্যদিকে ২০২৪ সালের তুলনায় কমেছে প্রায় ১১ হাজার ৫০০ জন। ২০২৬ সালে বোর্ডের ৩৫টি প্রতিষ্ঠান শতভাগ পাস করেছে। ২০২৫ সালে এমন প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ৯৯টি। ২০২৪ সালে ছিল ২৮৯টি, ২০২৩ সালে ১৭৮টি, ২০২২ সালে ১৪৭টি, ২০২১ সালে ৩৯৮টি এবং ২০২০ সালে ৩০৮টি। অর্থাৎ শতভাগ পাস করা প্রতিষ্ঠানের সংখ্যাতেও ২০২৬ সালে বড় ধরনের পতন হয়েছে। একইভাবে ২০২৬ সালে শূন্য শতাংশ পাস করা প্রতিষ্ঠান ৫টি এবং ১ থেকে ৫০ শতাংশ পাস করা প্রতিষ্ঠান ১১টি। অথচ ২০২৫ সালে শূন্য বা ১–৫০ শতাংশ পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা ছিল না।

বোর্ডের পরিসংখ্যানে নিয়মিত পরীক্ষার্থীর সংখ্যাও আলাদাভাবে দেখানো হয়েছে। ২০২৬ সালে নিয়মিত পরীক্ষার্থী ছিল প্রায় ১ লাখ ৪৯ হাজার ৫৫৫ জন, এর মধ্যে উপস্থিত ছিল প্রায় ১ লাখ ৪৮ হাজার। অনুপস্থিত নিয়মিত শিক্ষার্থীর সংখ্যা ১ হাজার ৮৪০ জন। নিয়মিত পরীক্ষার্থীদের মধ্যে পাস করেছে প্রায় ৯৫ হাজারের বেশি।

সব মিলিয়ে সাত বছরের পরিসংখ্যান বলছে, ২০২৬ সালের এসএসসি ফলাফল রাজশাহী শিক্ষা বোর্ডের জন্য সাম্প্রতিক বছরগুলোর তুলনায় সবচেয়ে দুর্বল ফলগুলোর একটি। শুধু পাশের হার নয়, জিপিএ-৫, শতভাগ পাস করা প্রতিষ্ঠান এবং সামগ্রিক ফলাফলেও নিম্নমুখী প্রবণতা দেখা গেছে। বিশেষ করে ২০২৫ সালের তুলনায় ২০২৬ সালের ফলাফলে এই পতন সবচেয়ে স্পষ্ট।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.