× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, পাল্টা দুই ভারতীয়কে আটক করলেন স্থানীয়রা

ডেস্ক রিপোর্ট।

১১ আগস্ট ২০২৬, ১৬:৫২ পিএম

মেহেরপুর সদর উপজেলার ইছাখালী সীমান্তে এক বাংলাদেশি নাগরিককে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ধরে নিয়ে যাওয়ার ঘটনায় দুই ভারতীয় নাগরিককে আটক করে বিজিবির কাছে হস্তান্তর করেছেন স্থানীয়রা। মঙ্গলবার (১১ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে ইছাখালী সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়দের বরাত দিয়ে জানা গেছে, ইছাখালী গ্রামের মৃত নুর আহমেদের ছেলে আব্দুল মান্নান (৬০) সীমান্ত পিলার ১২৪/৩-এস সংলগ্ন এলাকায় কৃষিকাজ করতে গেলে ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলার তেহট্ট থানার অধীন ৫৬ বিএসএফ ব্যাটালিয়নের নবচন্দ্রপুর ক্যাম্পের টহলদল তাকে আটক করে নিয়ে যায়।

মান্নানকে বিএসএফ ধরে নিয়ে যাওয়ার খবর ছড়িয়ে পড়লে তার স্বজন ও স্থানীয়রা মিলে সীমান্তের কাছে ভারতীয় দুই নাগরিককে দেখতে পেয়ে তাদের আটক করে ইছাখালী বিজিবি ক্যাম্পে হস্তান্তর করে।

আটক দুই ভারতীয় নাগরিক হলেন- নদীয়া জেলার তেহট্ট থানার লালবাজার গ্রামের মনমোহন দাসের ছেলে শচীন দাস (৬৫) এবং একই গ্রামের কুঞ্জু বিশ্বাসের ছেলে শ্রী নরতন বিশ্বাস (৩৫)।

চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান বলেন, ঘটনাটি নিয়ে বিজিবি ও বিএসএফের মধ্যে আজ আনুষ্ঠানিক পতাকা বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। পতাকা বৈঠকের মাধ্যমে বাংলাদেশি নাগরিক আব্দুল মান্নানকে ফেরত আনার পাশাপাশি আটক ভারতীয় নাগরিকদেরও ফেরত দেওয়ার বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, সীমান্তবর্তী এলাকার সাধারণ মানুষ ও কৃষকদের ভারতীয় ভূখণ্ডে প্রবেশ না করে নিজ দেশের সীমানার মধ্যে থেকে কৃষিকাজসহ অন্যান্য কর্মকাণ্ড পরিচালনা করতে হবে। সীমান্ত এলাকায় সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

এদিকে, সীমান্তে দুই দেশের নাগরিক আটকের ঘটনায় স্থানীয়দের মধ্যে সাময়িক উত্তেজনা সৃষ্টি হলেও পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.