নীলফামারীর সৈয়দপুরে অভিযান চালিয়ে এক কেজি গাঁজা ও ১০০টি ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মো. আনাস আলী (৪৩) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ সময় তাঁর কাছ থেকে একটি বাটন মোবাইল ফোন, মাদক বিক্রির নগদ ১ হাজার ৬৭৬ টাকা এবং রেজিস্ট্রেশনবিহীন একটি ১৫০ সিসি পালসার মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
পুলিশ জানায়, বুধবার (১২ আগস্ট) নীলফামারীর পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন খাঁনের নির্দেশে জেলা গোয়েন্দা শাখার একটি দল এ অভিযান পরিচালনা করে। ডিবির অফিসার ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো. মতলুবর রহমানের তত্ত্বাবধানে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের উত্তর সোনাখুলি গ্রামের কাছারী মোড় থেকে বুদ্ধির বাজারগামী পাকা সড়কে অভিযান চালানো হয়।
অভিযানে ওই সড়ক থেকে আনাস আলীকে আটক করা হয়। পরে বিধি অনুযায়ী তাঁর দেহ ও সঙ্গে থাকা সামগ্রী তল্লাশি করে এক কেজি গাঁজা ও ১০০টি ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক বিক্রির কাজে ব্যবহৃত একটি বাটন মোবাইল ফোন, নগদ ১ হাজার ৬৭৬ টাকা এবং মাদক পরিবহনে ব্যবহৃত রেজিস্ট্রেশনবিহীন কালো রঙের ১৫০ সিসি পালসার মোটরসাইকেল জব্দ করা হয়।
পুলিশের তথ্যমতে, উদ্ধার করা এক কেজি গাঁজার আনুমানিক মূল্য ৩০ হাজার টাকা এবং ১০০টি ট্যাপেন্টাডল ট্যাবলেটের আনুমানিক মূল্য আরও ৩০ হাজার টাকা। উদ্ধার করা মাদকের মোট আনুমানিক মূল্য ৬০ হাজার টাকা।
গ্রেপ্তার আনাস আলী সৈয়দপুর উপজেলার উত্তর সোনাখুলি মল্লীপাড়া এলাকার মো. আব্দুল কাদেরের ছেলে। পুলিশের প্রাথমিক তদন্তে তাঁকে পেশাদার মাদক কারবারি হিসেবে উল্লেখ করা হয়েছে। তাঁর বিরুদ্ধে একাধিক মামলা আদালতে বিচারাধীন রয়েছে বলেও জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় ১২ আগস্ট সৈয়দপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৯(ক), ২৯(ক), ৩৮ ও ৪১ ধারায় মামলা করা হয়েছে। মামলা নম্বর ২৬ এবং জিআর নম্বর ২৪৩/২০২৬। পরে গ্রেপ্তার আনাস আলীকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।