× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নারায়ণগঞ্জে পুলিশকে গুলি, রাজ্জাক বাহিনীর জসিম, মোহন অস্ত্রসহ গ্রেফতার

আবু সাঈদ কাদেরী, নারায়ণগঞ্জ প্রতিনিধি

১৫ আগস্ট ২০২৬, ১৮:৫১ পিএম

নারায়ণগঞ্জে মাদক ব্যবসায়ীরা পুলিশকে লক্ষ্য করে পিস্তল থেকে গুলি ও ইট-পাটকেল ছুড়েছে।পুলিশও পাল্টা গুলি ছুড়লে এক মাদক সন্ত্রাসী বিদ্ধ হয়েছে।দুই সন্ত্রাসীকে পিস্তলসহ পুলিশ গ্রেফতার করেছে।

শনিবার (১৫ আগস্ট) বিকেলে নারায়ণগঞ্জের ফতুল্লা থানার ইসদাইর রেললাইন এলাকায় ওই ঘটনায় এক মাদক ব্যবসায়ীর পায়ে গুলিবিদ্ধ হয়। এছাড়া মাদক ব্যবসায়ীদের হামলা ও তাদের ধরতে গিয়ে তিন পুলিশ সদস্য আহত হন।

গ্রেফতারকৃতরা হলো ইসদাইর এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে জসিম (২৪) ও আব্দুস সালামের ছেলে মোহন (২৩)। জসিমের কাছ থেকে একটি গুলিভর্তি পিস্তল জব্দ করা হয়েছে। তাকে নারায়ণগঞ্জ ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুব আলম বলেন, মাদক ব্যবসায়ীদের একটি দল এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে অস্ত্রশস্ত্র নিয়ে মহড়া দিচ্ছে এবং গোলাগুলি করছে—এমন খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালায়। পুলিশকে দেখেই মাদক ব্যবসায়ীরা পিস্তল থেকে গুলি ও ইট-পাটকেল ছুড়তে থাকে।

পরিস্থিতি সামাল দিতে আত্মরক্ষার্থে পুলিশও গুলি ছোড়ে। পরে ধাওয়া দিয়ে ঘটনাস্থল থেকে দুজনকে আটক করা হয়। গুলিতে জসিমের পায়ে আঘাত লাগে। তাকে নারায়ণগঞ্জ ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নেওয়া হয়।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. অপু কুমার সাহা বলেন, বেলা পৌনে চারটার দিকে জসিমকে হাসপাতালে আনা হয়। তার পায়ে দুটি আঘাতের চিহ্ন পাওয়া গেছে। আঘাত দুটি গুলির।

এদিকে মাদক ব্যবসায়ীদের ছোড়া ইট-পাটকেল এবং তাদের আটক করতে গিয়ে দৌড়াদৌড়ির সময় ফতুল্লা থানার উপপরিদর্শক (এসআই) মো. রফিক, এসআই নন্দন চন্দ্র সরকার ও কনস্টেবল রাশেদুল আহত হন। পরে তাদেরও একই হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, ইসদাইর এলাকায় মাদক ব্যবসা ও কিশোর অপরাধী চক্র নিয়ন্ত্রণকে কেন্দ্র করে কয়েকটি পক্ষের মধ্যে বিরোধ রয়েছে। রাজ্জাক ও তার দুই ছেলে জসিম এবং ওয়াসিম এলাকায় মাদক ব্যবসা ও কিশোর অপরাধী চক্র নিয়ন্ত্রণ করেন। পুলিশ এপ্রিলে মাদকবিরোধী অভিযানে ৫৩ রাউন্ড গুলিসহ রাজ্জাক ও তার ছোট ছেলে মো: ওয়াসিমকে (২২) গ্রেফতার করে। এর কয়েকদিন আগে ঢাকার বিমানবন্দর এলাকা থেকে দুটি আগ্নেয়াস্ত্রসহ জসিমকেও গ্রেফতার করা হয়েছিল।সম্প্রতি রাজ্জাক ও তার দুই ছেলে জামিনে বের হয়ে এলাকায় আবারও আধিপত্য বিস্তারের চেষ্টা শুরু করেন। এ নিয়ে অপর মাদক ব্যবসায়ী গ্রুপের শাকিলের সঙ্গে তাদের বিরোধ চলছিল। ৭ আগস্ট ইসদাইর এলাকায় মাদক ব্যবসায়ীদের দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনাও ঘটে।

পুলিশ জানিয়েছে, আটক দুজনের বিরুদ্ধে মাদক ও অস্ত্র আইনে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। পাশাপাশি ইসদাইর এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত অন্যদেরও গ্রেপ্তারে অভিযান চালানো হবে।

নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী বলেন,পুলিশের ওপর হামলার ঘটনায় জড়িত সবাইকে চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.