জয়পুরহাট সরকারি কলেজের অধ্যক্ষের অফিসে ভাঙচুর ও শিবিরের সাথী আবু বক্কর সিদ্দিককে মারধরের ঘটনায় ছাত্রশিবির ও ছাত্রদলের পাল্টাপাল্টি বিক্ষোভ কর্মসূচী পালন করেছে।
রোববার (১৬ আগস্ট) বেলা ১১ টায় জয়পুরহাট সরকারি কলেজ শাখা ছাত্র শিবিরের আয়োজনে কলেজ ক্যাম্পাস চত্বরে এই বিক্ষোভ কর্মসূচী ও প্রতিবাদ সমাবেশ করেন শিবিরের নেতাকর্মীরা।
শিবিরের বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দেন ছাত্র শিবিরের কলেজ শাখার সভাপতি ফরহাদ আলী। এসময় মিছিলে উপস্থিত ছিলেন ছাত্র শিবিরের জেলা দপ্তর সম্পাদক মোরশেদুল আলম, অর্থ সম্পাদক ফরহাদ হোসেন, কলেজ সেক্রেটারি, হাসিব আহমেদ জিসান সাংগঠনিক সম্পাদক আবু সাদ সিয়াম প্রমূখ।
এদিকে ছাত্র শিবিরের বিক্ষোভ কর্মসূচীর সময় নিজেদের অবস্থান তুলে ধরে বিক্ষোভ ও প্রতিবাদ করেছে জয়পুরহাট সরকারি কলেজ শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। ছাত্রদলের পক্ষে নেতৃত্ব দেন জয়পুরহাট সরকারি কলেজ শাখা সভাপতি আরেফিন, সাধারণ সম্পাদক হাবিব ও সাংগঠনিক সম্পাদক শিমুল চৌধুরী।
উল্লেখ্য; গতকাল শনিবার (১৫ আগস্ট) জয়পুরহাট সরকারি কলেজে জুলাই-আগস্ট স্মৃতি আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্টকে কেন্দ্র করে অধ্যক্ষের অফিস ভাঙচুর ও শিক্ষকদের লাঞ্ছিত করার অভিযোগ উঠে শিক্ষার্থীদের বিরুদ্ধে। এঘটনায় আজ রোববার বেলা ১১ টার দিকে ছাত্র শিবির ও ছাত্রদলের নেতাকর্মীরা পাল্টাপাল্টি বিক্ষোভ মিছিল পালন করেন।