ছবি: সংবাদ সারাবেলা।
তথ্যপ্রযুক্তির ব্যবহার ও সোর্সের মাধ্যমে জুলাই ২০২৬ মাসে উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। মাসজুড়ে দেশের বিভিন্ন ইউনিটের অভিযানে ৮৪৪টি মোবাইল ফোন, প্রায় ৯ লাখ ৫৮ হাজার টাকা, ১২ হাজার ৪২১ পিস ইয়াবা, ১ হাজার ৭৪৪ গ্রাম স্বর্ণ, অস্ত্র ও বিপুল পরিমাণ চোরাচালানি পণ্য উদ্ধার করা হয়েছে।
এপিবিএনের ‘ল এন্ড মিডিয়া শাখা’ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এপিবিএনের হেডকোয়ার্টার্স এলআইসি শাখার তথ্যপ্রযুক্তিগত সহায়তায় বিভিন্ন ইউনিট ৮৪৪টি মোবাইল ফোন এবং বিকাশ-নগদ প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া ৯ লাখ ৫৮ হাজার ১৪৮ টাকা উদ্ধার করেছে। এছাড়া প্রতারণায় ব্যবহৃত ১৩টি সিম, ফেসবুক ও হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট, একটি ই-মেইল অ্যাকাউন্টসহ বিভিন্ন ডিজিটাল উপকরণ উদ্ধার করা হয়েছে। প্রতারকের কাছ থেকে নগদ ২৫ হাজার ২৬০ টাকা এবং আত্মসাৎকৃত আরও ২ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়।
জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সারাদেশে ৫০৮ জনকে বিভিন্ন ধরনের সহায়তা দিয়েছে এপিবিএন।
জুলাইয়ে বিভিন্ন অভিযানে ১২ হাজার ৪২১ পিস ইয়াবা, ১ দশমিক ১৮ কেজি গাঁজা, ৩২ লিটার মদ, ২৮৫ কার্টন বিভিন্ন ব্র্যান্ডের সিগারেট, ৭২ পিস ভেপ সিগারেট ও ৭২টি বিয়ার উদ্ধার করা হয়েছে। মাদক বিক্রির ৬৭ হাজার ১৮০ টাকা উদ্ধারসহ মাদকসংক্রান্ত ১০টি মামলা করা হয়েছে। এসব ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে ১১ জনকে।
এছাড়া দুটি ওয়ানশুটার গান, ১৬ রাউন্ড গুলি, একটি হাসুয়া ও একটি দেশীয় লোহার দা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একটি মামলা ও একজনকে গ্রেপ্তার করা হয়।
এপিবিএনের অভিযানে ১ হাজার ৭৪৪ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ১১টি মামলা ও পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।
এছাড়া ৯১০ কেজি কসমেটিকস, ১৮৭ পিস শাড়ি/থ্রি-পিস, দুটি মোবাইল/ল্যাপটপ, ৩২২ কেজি সামুদ্রিক কাঁকড়া, দুটি এফডিএমএন কার্ড, ২৩৬ কেজি খাদ্যদ্রব্যসহ আরও ৪১১ কেজি বিভিন্ন পণ্য উদ্ধার করা হয়েছে।
ট্রাফিক ব্যবস্থাপনায় ৩৩১টি মামলায় ৯ লাখ ২৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বিএসটিআই ও ম্যাজিস্ট্রেট আদালতের অভিযানে আরও ৩১ লাখ ১১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। মোবাইল কোর্টের মাধ্যমে দণ্ড দেওয়া হয়েছে ৩৬ জনকে।
এছাড়া বিভিন্ন মামলায় ওয়ারেন্টভুক্ত ১১ জন ও এজাহারনামীয় ১৬ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। হত্যা, অপহরণ ও ধর্ষণসহ বিভিন্ন মামলায় আরও ১৬ জন আসামি গ্রেপ্তার হয়েছে।
৮ এপিবিএন একটি চাঞ্চল্যকর হত্যা মামলার মূল আসামিসহ নয়জনকে গ্রেপ্তার করেছে।
১২ এপিবিএন বিভিন্ন থানায় করা জিডির ভিত্তিতে ১৮৫টি হারানো মোবাইল ফোন উদ্ধার করেছে। পাশাপাশি ভুলক্রমে অন্য নম্বরে চলে যাওয়া বিকাশ ও নগদের ৭৩ হাজার ১৯৮ টাকা উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করা হয়েছে।
১৩ এপিবিএন ৩০০ দশমিক ৭ গ্রাম স্বর্ণ উদ্ধার করেছে। উদ্ধার করা স্বর্ণের বাজারমূল্য ৪৭ লাখ ২০ হাজার ৯৯০ টাকা। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
১৪ এপিবিএন ৫ হাজার ৮০০ পিস ইয়াবাসহ একজনকে গ্রেপ্তার করেছে। আর ১৬ এপিবিএন একটি ওয়ানশুটার বন্দুক ও ১৬ রাউন্ড তাজা গুলিসহ একজনকে গ্রেপ্তার করেছে।
এছাড়া বিভিন্ন অভিযানে ১৫ জন ভিকটিমকে উদ্ধার করা হয়েছে। রোহিঙ্গা ক্যাম্প এলাকায় অবৈধ অনুপ্রবেশের দায়ে ২১টি যানবাহন আটক করা হয় এবং ৮৪ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
জুলাই মাসে ৮, ১৪ ও ১৬ এপিবিএনের মাধ্যমে মোট ৩১টি জিআর/সিআর মামলা রুজু হয়েছে। এসব মামলার আসামিদের গ্রেপ্তার করা হয়েছে এবং মামলাগুলো তদন্তাধীন রয়েছে।
এপিবিএন জানিয়েছে, তথ্যপ্রযুক্তির কার্যকর ব্যবহার এবং আধুনিক প্রযুক্তিনির্ভর পুলিশিংয়ের মাধ্যমে জননিরাপত্তা নিশ্চিত ও নাগরিক সেবা আরও সম্প্রসারণে তাদের কার্যক্রম অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর
যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220
ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।
© 2026 Sangbad Sarabela All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh
