× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সীতাকুণ্ডে চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে হত্যাচেষ্টার অভিযোগ, নারীসহ গ্রেপ্তার ৪

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

১৮ আগস্ট ২০২৬, ১৯:৫৫ পিএম

চট্টগ্রামের সীতাকুণ্ডে চাঁদা দাবির প্রতিবাদ করায় এক ব্যবসায়ীকে কুপিয়ে জখম, মারধর, টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া এবং হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় দায়ের করা মামলায় এক নারীসহ চারজনকে গ্রেপ্তার করেছে সীতাকুণ্ড মডেল থানা পুলিশ।

সোমবার (১৭ আগস্ট) রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—বাবুল দাস, রাখাল দাস, স্বপন দাস ও যশোদা রাণী দাস। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, সীতাকুণ্ডের উত্তর ছলিমপুরের দেলিপাড়া এলাকার ব্যবসায়ী দুর্যোধন দাশ (সজীব) অভিযোগ করেন, গত ২৭ মে সকালে বাবুল দাসের নেতৃত্বে কয়েকজন তার বাবার চায়ের দোকানে গিয়ে চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাকে মারধর ও গলা চেপে হত্যার চেষ্টা করা হয়। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে তাকে আহত করা হয়। এ সময় বাধা দিতে গিয়ে তার ছোট ভাই প্রদীপ দাশও আহত হন।

এজাহারে আরও অভিযোগ করা হয়, হামলাকারীরা ব্যবসায়ীর মোবাইল ফোন নিয়ে যায় এবং তার মায়ের কাছ থেকে ৮১ হাজার ৫০০ টাকা ছিনিয়ে নেয়। একই সঙ্গে আগামী এক বছরে আরও পাঁচ লাখ টাকা চাঁদা দেওয়ার জন্য চাপ দেওয়া হয়। টাকা না দিলে ব্যবসায়ী ও তার পরিবারের সদস্যদের হত্যা করে লাশ গুম করার হুমকি দেওয়ারও অভিযোগ করা হয়েছে।

এজাহার অনুযায়ী, গত ৬ আগস্ট অভিযুক্তরা একই স্থানে গিয়ে আবারও চাঁদা দাবি করেন। একপর্যায়ে ব্যবসায়ীকে হত্যার উদ্দেশ্যে মাথায় আঘাত ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয় বলে অভিযোগ করা হয়েছে। তার চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়।

পরে আহতদের সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।

এ ঘটনায় দণ্ডবিধির ১৪৩, ৪৪৭, ৩২৩, ৩২৪, ৩২৬, ৩০৭, ৩৮৫, ৩৭৯, ৫০৬ ও ৩৪ ধারায় মামলা করা হয়েছে।

সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম বলেন, মামলার ঘটনায় এক নারীসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। এছাড়া এলাকায় সাধারণ মানুষকে হয়রানির অভিযোগও রয়েছে।

মামলার বাদী দুর্যোধন দাশ (সজীব) বলেন, চার আসামি গ্রেপ্তার হওয়ায় তিনি ও স্থানীয়রা স্বস্তি পেয়েছেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.