কুড়িগ্রামের ফুলবাড়ীতে বৈদ্যুতিক মোটরের সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইউনুস আলী (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে ফুলবাড়ী উপজেলার মধ্য কাশিপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ইউনুস আলী ওই গ্রামের মৃত ছফর উদ্দিনের ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, বাড়ির সংলগ্ন দক্ষিণ পাশের পুকুরে সেচ দেওয়ার জন্য ছেলে আমিনের শয়নকক্ষ থেকে বৈদ্যুতিক সংযোগ নিয়ে একটি বৈদ্যুতিক মোটর স্থাপন করছিলেন ইউনুস আলী। এ সময় অসতর্কতাবশত বৈদ্যুতিক তার তার পেটের বাম পাশে লেগে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে পড়ে যান।
ঘটনাটি দেখতে পেয়ে তার ছেলে ছামিনুল ইসলামসহ আশপাশের লোকজন তাকে উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে ইউনুস আলীকে মৃত ঘোষণা করেন।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান নাইম ঘটনা সত্যতা নিশ্চিত করে জানান এ বিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।