ক্যামব্রীজ চেকপয়েন্ট ও পিয়ারসন আই প্রাইমারি পরীক্ষায় অসাধারণ ফলাফল অর্জন করেছে রাজশাহী নগরীর প্রজেক্ট হেডওয়ে গ্রামার স্কুলের শিক্ষার্থীরা। আন্তর্জাতিক অঙ্গনে ইংরেজি মাধ্যম পরীক্ষায় এই কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করায় শিক্ষার্থীদের নিয়ে আনন্দ শোভাযাত্রা করেছে স্কুলের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা।
বৃহস্পতিবার (২০ আগস্ট) সাফল্য উদযাপন উপলক্ষে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্কুল কর্তৃপক্ষের অংশগ্রহণে আনন্দ শোভাযাত্রা বের করা হয়। স্কুল চত্বর থেকে শুরু হওয়া শোভাযাত্রাটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় স্কুলে এসে শেষ হয়। শিক্ষার্থীদের সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করেন শিক্ষক অভিভাবকরা। তারা বলেন, আন্তর্জাতিক মানের পরীক্ষায় শিক্ষার্থীদের এমন অর্জন ভবিষ্যতে আরও ভালো ফলাফল করতে অনুপ্রাণিত করবে।
আন্তর্জাতিক পর্যায়ে ইংরেজি মাধ্যমে অনুষ্ঠিত হওয়া পঞ্চম শ্রেণির দুই বোর্ডের চলতি বছরের মে সেশনের পরীক্ষার ফল গত ২০ আগস্ট প্রকাশিত হয়। এতে রাজশাহীর প্রজেক্ট হেডওয়ে গ্রামার স্কুলের শিক্ষার্থীরা উল্লেখযোগ্য সাফল্য অর্জন করে। প্রকাশিত ফলাফলে ক্যামব্রীজ চেকপয়েন্ট পরীক্ষায় স্কুলটির দুই শিক্ষার্থী অসামান্য এবং পিয়ারসন আইপ্রাইমারি পরীক্ষায় একজন শিক্ষার্থী ‘বিশ্বের সর্বোচ্চ’ ও আটজন শিক্ষার্থী দেশের সর্বোচ্চ হওয়ার গৌরব অর্জন করে।
স্কুল কর্তৃপক্ষ জানায়, শিক্ষার্থীদের মেধা ও প্রতিভা বিকাশে নিয়মিত শিক্ষা কার্যক্রমের পাশাপাশি আন্তর্জাতিক মানের বিভিন্ন পরীক্ষার প্রস্তুতির ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। ভবিষ্যতেও শিক্ষার্থীদের আন্তর্জাতিক পর্যায়ে আরও সাফল্য অর্জনের জন্য প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে।