× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ভিডিপির মানবিক সহায়তা: খাগড়াছড়িতে জলাবদ্ধতায় পানিবন্দি মানুষের পাশে হিল ভিডিপি*

২৩ আগস্ট ২০২৬, ২০:০৮ পিএম

টানা কয়েকদিনের প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলে খাগড়াছড়ির বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে আকস্মিক জলাবদ্ধতা। পানিতে তলিয়ে গেছে সড়কের বিভিন্ন অংশ, ব্যাহত হয়েছে যানবাহন চলাচল। এমন দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে পানিবন্দি মানুষ ও সাধারণ পথচারীদের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর হিল ভিডিপি সদস্যরা।

আজ শনিবার ভারী বৃষ্টির কারণে খাগড়াছড়ি সদর উপজেলা এবং দীঘিনালা উপজেলার ১ নম্বর মেরুং ইউনিয়নের লংগদু রোড ও কবাখালী ইউনিয়নের বিস্তীর্ণ এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। কোথাও কোথাও সড়কে পানি উঠে যানবাহন চলাচল প্রায় অনুপযোগী হয়ে পড়ায় চরম ভোগান্তিতে পড়েন স্থানীয় বাসিন্দা ও পথচারীরা।

এমন সংকটময় মুহূর্তে মানবিক সহায়তা নিয়ে মাঠে নামেন হিল ভিডিপির একদল সদস্য। পানিতে নেমে তারা ঝুঁকি নিয়ে সাধারণ মানুষকে নিরাপদে সড়ক পারাপারে সহযোগিতা করেন। বিশেষ করে শিশু, নারী ও বয়স্কদের নিরাপদে পারাপারে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

শুধু পথচারীদের সহায়তাই নয়, নিচু এলাকার পানিতে তলিয়ে যাওয়া ঘরবাড়ি থেকে পানিবন্দি মানুষকে নিরাপদ স্থানে এবং প্রয়োজন অনুযায়ী আশ্রয়কেন্দ্রে সরিয়ে নিতেও কাজ করছেন তারা।

দুর্যোগের মুহূর্তে হিল ভিডিপির সদস্যদের এই তাৎক্ষণিক, সাহসী ও মানবিক উদ্যোগ স্থানীয় বাসিন্দাদের মধ্যে প্রশংসা কুড়িয়েছে। দায়িত্বের গণ্ডি পেরিয়ে বিপদে মানুষের পাশে দাঁড়ানোর এই কার্যক্রম আবারও প্রমাণ করে, দুর্যোগ মোকাবিলায় স্থানীয় পর্যায়ে সংগঠিত জনশক্তির ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ।

১৯৭৬ সালে তৎকালীন রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ‘পিপলস ডকট্রিন’-এর আলোকে গ্রামীণ ও দুর্গম অঞ্চলের জনগণকে সংগঠিত করে জননিরাপত্তা, সামাজিক স্থিতিশীলতা, দুর্যোগ মোকাবিলা ও জনসেবামূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার লক্ষ্যেই গ্রাম প্রতিরক্ষা দল (ভিডিপি) গঠন করা হয়।  খাগড়াছড়ির জলাবদ্ধতায় হিল ভিডিপির সদস্যদের এই মানবিক কার্যক্রম সেই মূল চেতনা, জনসম্পৃক্ততা ও দায়িত্ববোধেরই বাস্তব প্রতিফলন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.