বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রাষ্ট্রপতি এবং দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদকে ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত করায় সাতক্ষীরায় আনন্দ মিছিল ও সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৪ আগস্ট) বিকেল ৪টায় জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ তারিকুল হাসানের নেতৃত্ব ও উদ্যোগে শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্ক থেকে একটি বর্ণাঢ্য আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সঙ্গীতা মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আনন্দ মিছিলে অংশ নেন দেবহাটা উপজেলা বিএনপির সাবেক সভাপতি শেখ সিরাজুল ইসলাম, সাবেক যুবদল সমন্বয়ক আইনুল ইসলাম নানটা, কৃষকদলের সাবেক আহ্বায়ক আহসানুল কাদির স্বপন, স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি সোহেল আহমেদ মানিক এবং স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কামরুজ্জামান ভুট্টোসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী।
মিছিলে নেতাকর্মীরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং নবদায়িত্বপ্রাপ্ত নেতাদের পক্ষে বিভিন্ন স্লোগান দেন। এ সময় তারা নবমনোনীত শীর্ষ নেতাদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা আশা প্রকাশ করে বলেন, নতুন নেতৃত্বের মাধ্যমে বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী হবে। একই সঙ্গে দলের চলমান রাজনৈতিক কর্মকাণ্ড আরও সুসংগঠিত হবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।
বক্তারা বলেন, দলের নতুন দায়িত্বপ্রাপ্ত নেতৃত্বকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে। তারা ঐক্যবদ্ধভাবে দলের সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী করতে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।