রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পূর্ণাঙ্গ আবাসিকতার রোডম্যাপ ও রাকসুর তফসিল ঘোষণাসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবির। একই সঙ্গে সমসাময়িক ক্যাম্পাস পরিস্থিতি নিয়েও নিজেদের বক্তব্য তুলে ধরে সংগঠনটি।
আজ মঙ্গলবার (২৫ আগস্ট) বেলা ১২ টার দিকে বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেট চত্বরে এক সংবাদ সম্মেলনে তারা এসব দাবি জানান।
তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে— শতভাগ আবাসন নিশ্চিত করতে সুষ্পষ্ট রোডম্যাপ প্রণয়ন, অনাবাসিক শিক্ষার্থীদের জন্য আবাসন ভাতা চালু, পূর্ণাঙ্গ ও আধুনিক মেডিকেল সেন্টার প্রতিষ্ঠা, বিশ্ববিদ্যালয়ের সিনেট কার্যকর করা, পরবর্তী রাকসু নির্বাচনের তফসিল ঘোষণা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন শাখা শিবিরের সভাপতি মুজাহিদ ফয়সাল। তিনি বলেন, আবাসন সংকটের কারণে বিশ্ববিদ্যালয়ের বিপুলসংখ্যক শিক্ষার্থীকে নানা ধরনের ভোগান্তির মধ্যে পড়তে হচ্ছে। এ সমস্যা দীর্ঘমেয়াদে সমাধানে বিশ্ববিদ্যালয়ের শতভাগ আবাসন নিশ্চিত করার লক্ষ্যে সময়ভিত্তিক ও বাস্তবায়নযোগ্য রোডম্যাপ প্রণয়ন করে দ্রুত কার্যকর করার দাবি জানান তিনি। একই সঙ্গে নতুন আবাসিক হল নির্মাণ, বিদ্যমান হলগুলোতে আসন বাড়ানো এবং আবাসিক সুবিধার গুণগত মান উন্নয়নের কথাও উল্লেখ করেন।
আবাসিক হলে আসন না পাওয়া শিক্ষার্থীদের আর্থিক সহায়তার জন্য বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আবাসন ভাতা চালুর দাবি জানান মুজাহিদ ফয়সাল। শিক্ষার্থীদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারকে আধুনিক ও পূর্ণাঙ্গ চিকিৎসাকেন্দ্রে উন্নীত করারও দাবি জানান তিনি। এ জন্য প্রয়োজনীয় সংখ্যক চিকিৎসক, নার্স ও জনবল নিয়োগের পাশাপাশি জরুরি চিকিৎসা, বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা, পর্যাপ্ত ওষুধ এবং সার্বক্ষণিক চিকিৎসাসেবা নিশ্চিত করার আহ্বান জানান।
সিনেটকে কার্যকর করার বিষয়ে তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের আইন ও বিধি অনুযায়ী সিনেটের কার্যক্রম নিয়মিত ও সক্রিয় করতে হবে। বিশ্ববিদ্যালয়ের নীতিনির্ধারণ, প্রশাসনিক কার্যক্রম ও জবাবদিহি নিশ্চিতকরণে সিনেটের কার্যকর ভূমিকা প্রতিষ্ঠার পাশাপাশি নিয়মিত সিনেট অধিবেশন আয়োজনের দাবি জানান তিনি।
এ সময় রাকসু নির্বাচনের প্রসঙ্গ তুলে তিনি বলেন, শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার ও প্রতিনিধিত্ব নিশ্চিত করতে পরবর্তী রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের সুনির্দিষ্ট তফসিল দ্রুত ঘোষণা করা প্রয়োজন। একই সঙ্গে নির্বাচনকে অবাধ, নিরপেক্ষ, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক করতে প্রয়োজনীয় পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান তিনি।
সংবাদ সম্মেলন শেষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন শিবির নেতারা। উপাচার্যের পক্ষে স্মারকলিপিটি গ্রহণ করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক আব্দুল আলিম।