× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সীতাকুণ্ডে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর উন্নয়নে অনুদান-বৃত্তি, মাদকের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি জেলা প্রশাসকের

এম জামশেদ আলম, সীতাকুণ্ড (চট্টগ্রাম)

২৫ আগস্ট ২০২৬, ২১:১৪ পিএম

চট্টগ্রামের সীতাকুণ্ডে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে আর্থিক অনুদানসহ শিক্ষা, স্বাস্থ্য, ক্রীড়া ও কৃষি সামগ্রী বিতরণ করা হয়েছে। একই দিনে মাদকের ভয়াবহতা থেকে তরুণ প্রজন্মকে রক্ষা এবং মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুর ১২টায় সীতাকুণ্ড উপজেলা পরিষদ অডিটোরিয়াম হলে উপজেলা প্রশাসনের উদ্যোগে এসব সহায়তা বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ ফখরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

অনুষ্ঠানে উপজেলার ৪০টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবারকে মোট ৮০ হাজার টাকা নগদ অনুদান দেওয়া হয়। এ ছাড়া সমাজকল্যাণ অধিদপ্তরের পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে ১ লাখ ২০ হাজার টাকা অনুদান প্রদান করা হয়।

এ সময় ৭জন প্রতিবন্ধী ও অসুস্থ ব্যক্তিকে হুইলচেয়ার এবং বিভিন্ন শিক্ষার্থী ও প্রতিষ্ঠানের মাঝে ফলজ, বনজ ও ঔষধি বৃক্ষ, ক্রীড়া সামগ্রী, শিক্ষা উপকরণ ও স্বাস্থ্যসামগ্রী বিতরণ করা হয়।

এর আগে জেলা প্রশাসক সীতাকুণ্ড উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় সরকারি সেবার মান বাড়ানো, স্থানীয় সমস্যা চিহ্নিত করা এবং জনগণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দেওয়ার বিষয়ে কর্মকর্তাদের বিভিন্ন দিকনির্দেশনা দেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফজলে রাব্বি, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আলতাপ হোসেন, উপজেলা প্রকৌশলী আলমগীর বাদশা, উপজেলা মৎস্য কর্মকর্তা মোতাসিম বিল্লাহ, উপজেলা কৃষি কর্মকর্তা কল্পনা রহমান, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. কল্লোল বড়ুয়া, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাহমিনা তামান্না, খাদ্য কর্মকর্তা শামসুন্নাহার স্বর্ণা ও উপজেলা প্রকল্প কর্মকর্তা জামিরুল ইসলামসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা লুৎফুন্নেছা বেগম।

পরে জেলা প্রশাসক সীতাকুণ্ড মডেল থানা পরিদর্শন করেন।

মাদকের ভয়াল থাবা নিয়ে জেলা প্রশাসকের হুঁশিয়ারি

এদিকে মঙ্গলবার সীতাকুণ্ডের মুরাদপুর ইউনিয়নের ভাটেরখিল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসনের উদ্যোগে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

সমাবেশে জেলা প্রশাসক বলেন, মাদকের ভয়াল থাবা সমাজের প্রতিটি সেক্টরকে গ্রাস করেছে। মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, একটি পরিবার ও পুরো সমাজব্যবস্থাকে ধ্বংস করে দিচ্ছে।

শিক্ষার্থীদের অভিভাবকদের উদ্দেশে তিনি বলেন, সন্তানকে শুধু সার্টিফিকেট অর্জনের জন্য তৈরি না করে প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলতে হবে এবং মাদক থেকে দূরে রাখতে হবে।

সমাবেশে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ফখরুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য দেন সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মহিনুল ইসলাম। এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফজলে রাব্বি, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গোলাম রহমানসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ ছাড়া ভাটেরখীল উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোস্তাফিজুর রহমান হিরু, এজাহার মেম্বার, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও বীর মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, একটি পরিবার ও পুরো সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। মাদকের বিরুদ্ধে কার্যকর সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, প্রশাসন ও স্থানীয় জনগণকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

সমাবেশ শেষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সংগঠন ও ব্যক্তির মাঝে শিক্ষা উপকরণ, ক্রীড়া সামগ্রী ও কৃষি উপকরণ বিতরণ করা হয়। পাশাপাশি মেধাবী শিক্ষার্থীদের জীবনমান উন্নয়নে আর্থিক অনুদান ও বৃত্তি দেওয়া হয়।

সংশ্লিষ্টরা মনে করছেন, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও সামাজিক উন্নয়নে সহায়তার পাশাপাশি তরুণদের মাদক থেকে দূরে রাখতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.