× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

‘এটা সংসদেও উঠাবো’—পরিদর্শন কক্ষ নিয়ে সৈয়দপুরে দুই এমপির তর্ক

মো. সাইফুল ইসলাম, নীলফামারী

২৫ আগস্ট ২০২৬, ২১:২২ পিএম

নীলফামারীর সৈয়দপুর উপজেলা পরিষদ ভবনে নতুন পরিদর্শন কক্ষ উদ্বোধনকে কেন্দ্র করে নির্বাচিত সংসদ সদস্য হাফেজ মাওলানা আব্দুল মুনতাকিম ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য বিলকিস ইসলামের মধ্যে তীব্র বাকবিতণ্ডার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেল ৩টার দিকে উপজেলা পরিষদ ভবনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, পরিদর্শন কক্ষের উদ্বোধনী ফলকে নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনের সংসদ সদস্য হাফেজ মাওলানা আব্দুল মুনতাকিমের নাম থাকায় আপত্তি তোলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য বিলকিস ইসলাম। তাঁকে অনুষ্ঠানে প্রধান অতিথি করা হয়নি এবং উদ্বোধনী ফলকে শুধু একজন সংসদ সদস্যের নাম রাখা হয়েছে—এ নিয়ে প্রশ্ন তোলেন তিনি।

এ নিয়ে দুই সংসদ সদস্যের মধ্যে উত্তপ্ত কথোপকথন শুরু হয়। একপর্যায়ে তাঁরা উপজেলা পরিষদের পরিদর্শন কক্ষে বসে দীর্ঘ সময় ধরে পাল্টাপাল্টি বক্তব্য দেন। এতে সেখানে উপস্থিত কর্মকর্তা ও অন্য ব্যক্তিদের মধ্যে অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি হয়।

বিলকিস ইসলাম বলেন, সৈয়দপুর ও কিশোরগঞ্জের উপজেলা পরিষদের পরিদর্শন কক্ষে সংরক্ষিত নারী সংসদ সদস্য হিসেবেও তাঁর জায়গা থাকা উচিত। বিষয়টি তিনি জাতীয় সংসদে উত্থাপন করবেন বলেও জানান। নিজের অধিকার আদায়ে কোনো ছাড় দেবেন না বলেও তিনি মন্তব্য করেন।

অন্যদিকে হাফেজ মাওলানা আব্দুল মুনতাকিমের বক্তব্য, উপজেলা পরিষদের পরিদর্শন কক্ষ কোনো একক ব্যক্তির ব্যবহারের জন্য নয়। জাতীয় সংসদের সব সদস্যই প্রয়োজনে এটি ব্যবহার করতে পারবেন। তবে নীলফামারী-৪ আসনের নির্বাচিত সংসদ সদস্য হিসেবে স্থানীয়ভাবে তাঁর নাম উদ্বোধনী ফলকে রাখা হয়েছে বলে দাবি করেন তিনি।

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের নির্দিষ্ট নির্বাচনী এলাকা না থাকায় তাঁদের জন্য আলাদাভাবে পরিদর্শন কক্ষ নির্ধারণের কোনো বিধান রয়েছে কি না—এ নিয়েও প্রশ্ন তোলেন আব্দুল মুনতাকিম। এ বিষয়ে সরকারি পরিপত্র বা সংশ্লিষ্ট নথির বিষয়টিও তিনি উল্লেখ করেন।

ঘটনাস্থলে সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহা ফাতেহা তাকমিলা, সহকারী কমিশনার (ভূমি) সাব্বির হোসেন, সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি আলহাজ অধ্যক্ষ আব্দুল গফুর সরকারসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ঘটনাটি ছড়িয়ে পড়ার পর স্থানীয় রাজনৈতিক ও প্রশাসনিক মহলে আলোচনা শুরু হয়েছে। তবে পরিদর্শন কক্ষটি কারা কীভাবে ব্যবহার করবেন এবং উদ্বোধনী ফলকে কার নাম থাকবে—এ বিষয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

সংরক্ষিত নারী সংসদ সদস্য বিলকিস ইসলাম বিষয়টি সংসদে উত্থাপনের কথা বলায় এ বিরোধ পরবর্তী সময়ে জাতীয় সংসদেও আলোচনায় আসতে পারে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.