× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

রাবিতে সংঘর্ষের ঘটনায় সাংবাদিককে মারধর, ভিডিও মুছে দেওয়ার অভিযোগ

‎রাবি প্রতিনিধি

২৭ আগস্ট ২০২৬, ১৭:১৬ পিএম

‎রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) টিএসসিসিতে চেয়ারে বসাকে কেন্দ্র করে ম্যানেজমেন্ট স্টাডিজ ও রসায়ন বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় পেশাগত দায়িত্ব পালনের সময় এক সাংবাদিককে মারধর ও তাঁর মোবাইল ফোন থেকে ভিডিও মুছে দেওয়ার অভিযোগ উঠেছে ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থীদের বিরুদ্ধে।

‎আতিকুর রহমান বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটির কার্যনির্বাহী সদস্য এবং বাংলা ট্রিবিউনের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি।

‎বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কাছে লিখিত অভিযোগ দেন আতিকুর রহমান। অভিযোগে ঘটনার তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার পাশাপাশি ক্যাম্পাসে সাংবাদিকদের নিরাপদে পেশাগত দায়িত্ব পালনের পরিবেশ নিশ্চিত করার দাবি জানান।

‎অভিযোগপত্রে আতিকুর রহমান বলেন, গতকাল রাত ১০টার দিকে ম্যানেজমেন্ট স্টাডিজ ও রসায়ন বিভাগের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার সময় ম্যানেজমেন্ট বিভাগের কয়েকজন শিক্ষার্থীকে লাঠিসোঁটা হাতে রবীন্দ্র ভবনের দিকে যেতে দেখেন তিনি। এ সময় তিনি মিছিলটির সামনে থেকে ভিডিও ধারণ করছিলেন।

‎অভিযোগে তিনি আরও বলেন, ভিডিও ধারণের কিছুক্ষণ পর কয়েকজন শিক্ষার্থী তাঁকে ঘিরে ধরেন এবং তাঁর বিভাগ ও ভিডিও করার কারণ জানতে চান। নিজের সাংবাদিক পরিচয় দেওয়ার পর তাঁকে ধারণ করা ভিডিও মুছে ফেলতে বলা হয়। একপর্যায়ে চাপের মুখে তিনি ভিডিওটি মুছে দেন।

‎এরপরও কয়েকজন শিক্ষার্থী তাঁকে মারধর করেন বলে অভিযোগ করেন তিনি। পরে তাঁর কাছ থেকে মোবাইল ফোন নিয়ে সেটিতে থাকা অন্য ভিডিওগুলোও মুছে দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

‎অভিযোগপত্রে আতিকুর রহমান বলেন, এ ঘটনায় তিনি শারীরিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। দায়িত্ব পালনকালে সাংবাদিকের ওপর হামলা, ভিডিও মুছে দেওয়া এবং ভয়ভীতি প্রদর্শনের ঘটনায় ক্যাম্পাসে সাংবাদিকদের স্বাধীনভাবে কাজ করার পরিবেশ ও নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

‎এ ঘটনায় সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত করে বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি। একই সঙ্গে ক্যাম্পাসে সাংবাদিকদের নিরাপদ ও নির্বিঘ্নে পেশাগত দায়িত্ব পালনের পরিবেশ নিশ্চিত করার দাবিও জানানো হয়।

‎এদিকে, অভিযোগপত্রটি প্রক্টরের পক্ষে গ্রহণ করেন সহকারী প্রক্টর অধ্যাপক গিয়াস উদ্দিন আহমেদ। তিনি বলেন, দুই বিভাগের সংঘর্ষের ঘটনায় ইতোমধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে। কমিটিকে তিন দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

‎তিনি আরও বলেন, ‘তদন্ত কমিটিকে প্রয়োজনীয় তথ্য সরবরাহে প্রক্টরিয়াল টিম সহযোগিতা করছে। সাংবাদিককে লাঞ্ছিত ও তাঁর ভিডিও মুছে দেওয়ার অভিযোগও তদন্তের আওতায় থাকবে। তদন্তে প্রতিটি ঘটনার যথাযথ যাচাই শেষে যারা দোষী সাব্যস্ত হবেন, তাঁদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.