কুমিল্লার হোমনায় ৬ বছরের শিশু আয়েশা আক্তারের রহস্যজনক মৃত্যুর ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকাল সাড়ে ৫ টার দিকে উপজেলার ঘাগুটিয়া ইউনিয়নের নিহত আয়েশার বাড়ি চুনারচর -নয়াগাঁও মোড়ে এই মানববন্ধন কর্মসূচি পালন করেছে স্থানীয়রা।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, শিশু আয়েশার মৃত্যুর ঘটনায় সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন করতে হবে। তারা পুলিশ প্রশাসনের কাছে এ ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।
বক্তারা আরও বলেন, একটি নিষ্পাপ শিশুর রহস্যজনক মৃত্যু কোনোভাবেই চুপ থাকা যাবে না। আয়েশার পরিবারকে ন্যায়বিচার পেতে হলে ঘটনাটির গভীর তদন্ত করে প্রকৃত রহস্য উদঘাটন করতে হবে।
এ সময় মানববন্ধনে নিহত স্বজন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও এলাকাবাসী অংশ নেন।
উল্লেখ্য যে, গত সোমবার (১৭ আগস্ট) সোমবার দুপুরে বাড়ির পাশে দোকানের কাছে খেলাধুলা করছিল আয়েশা। দীর্ঘ সময় পার হলেও বাড়িতে ফিরে না আসায় পরিবারের লোকজন তাকে খুঁজতে শুরু করেন।
পরে বিকেল ৪ টার দিকে দোকানের পেছনের ঝোপঝাড়ের নিচে পায়ের পাতা সমান পানির মধ্যে শিশুটিকে উলঙ্গ ও গাছের পাতা দিয়ে ঢেকে রাখা অবস্থায় দেখতে পান স্বজনরা। পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ দিকে নিহত আয়েশার রহস্যজনক মৃত্যুর ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হলে পরে বাবা শারীরিক প্রতিবন্ধী মো. জাকির হোসেন ঘটনার কয়েক দিন পর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।