× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

টঙ্গী পূর্ব থানা প্রাঙ্গণে ‘জয় বাংলা’ স্লোগান, আ. লীগ নেতা ৫ জন গ্রেপ্তার

গাজীপুর প্রতিনিধি

৩০ আগস্ট ২০২৬, ২১:৪২ পিএম

গাজীপুরের টঙ্গী পূর্ব থানা প্রাঙ্গণে প্রিজন ভ্যানে তোলার সময় ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগে তিন নারীসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ৩০ আগস্ট ২০২৬ রবিবার দুপুরে টঙ্গী পূর্ব থানার প্রধান ফটকের সামনে এ ঘটনা ঘটে। গ্রেপ্তারকৃতরা সবাই ৪৭ নম্বর ওয়ার্ড কৃষক লীগের সভাপতি আবদুল মতিনের নিকটাত্মীয় ও স্বজন। আগের রাতে বিশেষ অভিযানে পুলিশ আবদুল মতিনকে গ্রেপ্তার করেছিল এবং তাকে আদালতে পাঠানোর সময় স্বজনেরা এই স্লোগান দেন।

গ্রেপ্তারকৃত ৫ জন হলেন, মাহদী হাসান (২৬) পিতা- আতিকুর রহমান, সাং- মরকুন, টঙ্গী। হারুনুর রশীদ (৩৪) পিতা- মৃত আব্দুর রউফ, সাং- মরকুন, টঙ্গী। জহুরা বেগম (৫৫) পিতা- মজিবুর রহমান, সাং- মরকুন, টঙ্গী। শারমিন সুলতানা (৩৭) পিতা- মো. কাউছার আলী। শাহিদা আক্তার (৩৬) পিতা- মৃত শহীদ মিয়া।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, শনিবার রাতে টঙ্গী পূর্ব থানা পুলিশ অভিযান চালিয়ে ৪৭ নম্বর ওয়ার্ড কৃষক লীগের সভাপতি আবদুল মতিনকে গ্রেপ্তার করে। রবিবার দুপুরে তাকে আদালতে পাঠানোর জন্য থানার ভেতর থেকে প্রিজন ভ্যানে তোলার সময় সেখানে উপস্থিত তাঁর স্বজন ও সমর্থকরা হঠাৎ ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ এবং ‘জয় জননেত্রী শেখ হাসিনা’ স্লোগান দেওয়া শুরু করেন।

থানা প্রাঙ্গণে ও প্রিজন ভ্যানের সামনে প্রকাশ্যে এ ধরনের রাজনৈতিক স্লোগান দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল থেকে ওই তিন নারী ও দুই পুরুষকে আটক করে। ঘটনাস্থলে উপস্থিত গণমাধ্যমকর্মীরা এই স্লোগান দেওয়ার দৃশ্য এবং পুলিশের অ্যাকশনের ভিডিও ফুটেজ ধারণ করেন।

এই ঘটনার পর পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে। মামলার বাদী, টঙ্গী পূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই) হাবিবুর রহমান। সন্ত্রাসবিরোধী আইনে মামলাটি দায়ের করা হয়েছে। মামলায় আটক ৫ জনকে গ্রেপ্তার দেখানোর পাশাপাশি আরও ২ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং ১০ থেকে ১২ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুদুল আলম বলেন, "থানা প্রাঙ্গণে বা সরকারি দপ্তরের ভেতরে এ ধরনের রাজনৈতিক স্লোগান দেওয়া এবং বিশৃঙ্খলা সৃষ্টি করা সম্পূর্ণ বেআইনি ও আইনবহির্ভূত। ৪৭ নম্বর ওয়ার্ড কৃষক লীগের সভাপতি আবদুল মতিনকে যখন আদালতে পাঠানোর জন্য প্রিজন ভ্যানে তোলা হচ্ছিল, ঠিক তখনই তাঁর স্বজনরা এই স্লোগান শুরু করেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে এবং বিশৃঙ্খলা সৃষ্টির অপরাধে আমরা ঘটনাস্থল থেকেই ৫ জনকে আটক করি। পরবর্তীতে তাঁদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে নিয়মিত মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।"

গ্রেপ্তারকৃতদের পরিবারের অন্য স্বজনদের দাবি, থানা চত্বরে উপস্থিত অপর কয়েকজন স্বজন সাংবাদিকদের কাছে দাবি করেন, কোনো বড় ধরনের অপরাধ বা বিশৃঙ্খলা করার উদ্দেশ্যে তারা সেখানে যাননি। আবদুল মতিনকে যখন প্রিজন ভ্যানে তোলা হচ্ছিল, তখন আবেগের বশে তাঁর স্বজনরা স্লোগান দিয়েছিলেন। পুলিশ কোনো পূর্ব সতর্কবার্তা ছাড়াই তাঁদের ধরে নিয়ে গেছে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার সিসিটিভি ফুটেজ ও গণমাধ্যমকর্মীদের ধারণ করা ভিডিওর সূত্র ধরে এই ঘটনার সাথে জড়িত অন্য অজ্ঞাতনামা আসামিদের শনাক্ত করার প্রক্রিয়া চলছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.