তারেক রহমান দেশের জন্য শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মতোই জীবন দিতে প্রস্তুত, তবুও অন্যায়ের কাছে কখনো মাথা নত করবেন না বলে মন্তব্য করেছেন বিএনপি ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী ৩ আসনের সংসদ সদস্য বরকত উল্লা বুলু।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনীতে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা সভা ও র্যালিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, "বিএনপির নেতাকর্মীদের দীর্ঘ ১৭ বছরের সংগ্রাম, ত্যাগ ও রক্তের বিনিময়েই জুলাই-আগস্টের ঐতিহাসিক ছাত্র-জনতার বিপ্লব অর্জিত হয়েছে।"
নেতাকর্মীদের সতর্ক করে বরকত উল্লা বুলু বলেন, "যে ইউনিয়ন বা ওয়ার্ডে মাদক ও সন্ত্রাসী কর্মকাণ্ড থাকবে, সংশ্লিষ্ট এলাকার দায়িত্বপ্রাপ্ত নেতাকে তার জবাবদিহি করতে হবে। কোনো অপকর্ম বরদাশত করা হবে না।"
উপজেলা বিএনপির আহ্বায়ক কামাক্ষ্যা চন্দ্র দাসের সভাপতিত্বে এবং পৌর বিএনপির আহ্বায়ক জহির উদ্দিন হারুনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সদস্য শামীমা বরকত লাকী।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব মোহাম্মদ মাহফুজুল হক আবেদ, পৌর বিএনপির সদস্য সচিব মোহাম্মদ মহসীন আলম, কেন্দ্রীয় কৃষকদলের যুগ্ম সম্পাদক শাহ্ আব্দুল্লাহ আল বাকী, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাজমুল গনি চৌধুরী মান্না, যুগ্ম আহ্বায়ক মোরশেদুল আমিন ফয়সল, সদস্য আহসান উল্লা এবং উপজেলা যুবদলের আহ্বায়ক রুস্তম আলী, উপজেলা সেচ্চাসেবকদলের আহবায়ক নজরুল ইসলাম, পৌর সেচ্চাসেবকদলের আহ্বায়ক রাসেল সুমন।
এছাড়াও বেগমগঞ্জের ১৬টি ইউনিয়ন ও পৌরসভার ৯টি ওয়ার্ডের বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী র্যালি ও আলোচনা সভায় অংশ নেন।