বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রংপুরে দিনব্যাপী নানা কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে জেলা বিএনপির উদ্যোগে রংপুর মহানগরীর নীলকন্ঠ জিয়াখালে মাছের পোনা অবমুক্ত করা হয়।
এরপর নগরীর গুপ্তপাড়া প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণ ও ছোট নূরপুর কবরস্থানে গাছের চারা রোপন ও হোমিওপ্যাথি কলেজ প্রাঙ্গ ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।
এ সময় জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম, সিনিয়র সদস্য ফজলুর রহমান বাদল, লিটন পারভেজ, শাহাদাত হোসেনসহ অন্যরা উপস্থিত ছিলেন।
দুপুরে জেলা বিএনপির সদস্য সচিব প্রয়াত আনিছুর রহমান লাকুর কবর জিয়ারত করেন দলের নেতৃবৃন্দ। পরে বিকেলে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে নগরীতে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।
এর আগে দুপুরে নগরীর গ্রান্ড হোটেল মোড়স্থ দলীয় কার্যালয় থেকে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করে মহানগর বিএনপি। রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও মহানগর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামান সামু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম মিজু, সদস্য সচিব ও সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মাহফুজ-উন-নবী চৌধুরী ডন, সিনিয়র সদস্য সেলিম চৌধুরী, আব্দুস সালামসহ অন্যরা এতে নেতৃত্ব দেন।
শোভাযাত্রাটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জিলা স্কুলে গিয়ে শেষ হয়। এতে নগরীর ৩৩টি ওয়ার্ড কমিটির পাশাপাশি মহানগর ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, কৃষক দল, তাঁতীদল, শ্রমিক দল, ওলামা দল, জিয়া সংসদ, জাসাসসহ বিভিন্ন সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
অপরদিকে জাতীয়তাবদী সমবায় দলের সাবেক আহ্বায়ক সেলিম চৌধুরীর উদ্যোগে অস্বচ্ছলদের মাঝে খাবার বিতরণ করা হয়। নগরীর মুলাটোল মদিনাতুল উলুম কামিল মাদ্রাসার সামনে খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম মিজু। এ সময় শতাধিক অস্বচ্ছলদের মাঝে খাবার বিতরন করা হয়।
প্রসঙ্গত ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি প্রতিষ্ঠা করেন। তিনি ছিলেন দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান।
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ঢাকাসহ সারা দেশে পাঁচ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করা হয়েছে। এরমধ্যে কেন্দ্রীয় কার্যালয়সহ দেশব্যাপী দলটির বিভিন্ন কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন, বৃক্ষরোপণ ও মৎস্য অবমুক্তকরণ, আলোচনা সভা এবং অন্যান্য কর্মসূচি রয়েছে।