পাবনা জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও পৌর বিএনপির সাবেক সাধারন সম্পাদক জাকারিয়া পিন্টু বলেছেন, হাবিবুর রহমান হাবিব নৌকা থেকে এসে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে টুকরো টুকরো করে ধ্বংস করে দিয়েছে। তিনি ৯১ সালে ছাত্রলীগের সভাপতির পর হুট করে এসে নৌকা প্রতিকে সংসদ নির্বাচন করলে তাকে আমরা পরাজিত করে ধানের শীষকে জয়ী করেছি। তারপর পরিকল্পিতভাবে ৯৬ সালে বিএনপিতে যোগদান করার পর থেকে এ আসনে ধানের শীষের সিট আর উদ্ধার করা সম্ভব হয়নি। সম্প্রতি, অর্থ আত্মাসাৎ এর অভিযোগে সাজাপ্রাপ্ত আসামী ও আওয়ামী সহযোগীদের নিয়ে রাতের আধারে তিনি ঈশ্বরদীতে বিএনপির যে আহবায়ক কমিটি দিয়েছেন তাতেই স্পষ্ট হয়ে গেছে যে তিনি পরিকল্পনা করেই এসেছেন বিএনপিকে ধ্বংস করবেন।
মঙ্গলবার(১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫ টার দিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলা ও পৌর বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত এক বর্ণাঢ্য র্যালি ও পথসভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বিগত ১৭ বছর ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে বছরের পর বছর কারাবরনের জন্য আমিসহ বিএনপির ৪৭ জন নেতাকর্মীর পরিবার শেষ হয়ে গেছে। অথচ আজ এসে দলের হাইব্রিড সেজে কেউ কেউ বড় বিএনপি পরিচয় দিয়ে যা খুশি তাই করছে। আজ বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীর এ পথসভা থেকে বলতে চাই আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ বুকে ধারন করে দল করি। তাই দেশ ও দলকে এগিয়ে নিতে তারেক রহমানের ১৯ দফার ভিত্তিতে আগামী এক মাসের মধ্যে ঈশ্বরদী-আটঘরিয়াতে বিএনপিকে নতুন করে সুসংগঠিত করা হবে।
জাকারিয়া পিন্টু আরো বলেন, জনগনের প্রতিশ্রুতি বাস্তবায়নই বিএনপির মূল লক্ষ্য।
দল থেকে আমাদের বহিষ্কার করেছে সেটা কেবল মিথ্যা ষড়যন্ত্রের কারনে। জনাব তারেক রহমান জানেন যে বিএনপিতে আমাদের ত্যাগ ও অবদান কতটুকু রয়েছে। তার প্রতিটি সিদ্ধান্ত আমরা মাথা পেতে নিতে প্রস্তুত আছি। হাবিবুর রহমান হাবিব এ পর্যন্ত বিএনপির নাম ভাঙ্গিয়ে দুটি জিনিস অর্জন করেছে, প্রথমটা হলো তিনি আওয়ামীলীগ থেকে এসে বর্তমানে তৎকালীন আওয়ামী সহযোগীদের বিএনপি নামক মেশিনে ঢুকিয়ে বাড়ি-গাড়ি করেছেন আর আরেকটি হলো পাবনা-৪ আসনে বিএনপিকে ধাপে ধাপে ধ্বংস করে দিয়েছেন। তার মত বাংলাদেশের কোন নেতাই এখন পর্যন্ত এত বড় অর্জন করতে পারেনি।
ঈশ্বরদী উপজেলা বিএনপির নবগঠিত আহবায়ক কমিটির আহবায়ক জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে আয়োজিত র্যালি ও পথসভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সচিব সাহাবুদ্দিন সেন্টু সরদার, পৌর বিএনপির আহবায়ক ইসলাম হোসেন জুয়েল।
নবগঠিত পৌর বিএনপির আহবায়ক কমিটির সদস্য সচিব আনোয়ার হোসেন জনির সঞ্চালনায় আয়োজিত বর্ণাঢ্য পথসভাটি পৌর শহরের খায়রুজ্জামান বাবু বাস টার্মিনাল থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক পদক্ষিন করে বাজারের এক নম্বর গেট এলাকায় শেষ হয়। তার আগে সকাল ৭ টার দিকে দলীয় কার্যালয়ে জাতীয় সঙ্গীত গেয়ে জাতীয় পতাকা উত্তোলন করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রয়াত বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করেন নেতাকর্মীরা।
সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর
যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220
ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।
© 2026 Sangbad Sarabela All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh
