চিকিৎসা শেষে প্রায় সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস। তার আগমনকে ঘিরে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দেখা গেছে নেতাকর্মীদের ভিড়।
বুধবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যার পর থেকেই বিমানবন্দর এলাকায় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উপস্থিতি বাড়তে থাকে। মির্জা আব্বাসকে স্বাগত জানাতে রাজধানীর বিভিন্ন থানা, ওয়ার্ড ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বিমানবন্দর এলাকায় অবস্থান নেন। এ সময় অনেকের হাতে দলীয় পতাকা ও ব্যানারও দেখা যায়।
নেতাকর্মীরা জানান, দীর্ঘদিনের রাজনৈতিক সহযোদ্ধা মির্জা আব্বাসের আগমনে তারা স্বতঃস্ফূর্তভাবে বিমানবন্দরে এসেছেন। তাকে স্বাগত জানিয়ে দলের ঐক্য ও সাংগঠনিক শক্তির জানান দিতে চান নেতাকর্মীরা।
পরিবারের সদস্য ও বিএনপির মিডিয়ার সেল থেকে জানা যায়, সিঙ্গাপুর-মালয়েশিয়ায় চিকিৎসা শেষে বুধবার (২ সেপ্টেম্বর) কুয়ালামপুরের স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টায় মির্জা আব্বাসকে বহনকারী ফ্লাইটটি বিমানবন্দর ছেড়ে আসে। মির্জা আব্বাসের সঙ্গে তার স্ত্রী আফরোজা আব্বাসও দেশে ফিরছেন।
এর আগে, গত ১১ মার্চ ইফতারে পানি পান করার সময় হঠাৎ জ্ঞান হারান মির্জা আব্বাস। অবস্থার উন্নতি না হলে গভীর রাতে তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। ১৫ মার্চ শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ঢাকা থেকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসার পর তাকে মালয়েশিয়ায় চিকিৎসার জন্য নেওয়া হয়।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন মির্জা আব্বাস। বিএনপির স্থায়ী কমিটির সদস্যের পাশাপাশি তিনি প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টার দায়িত্বও পালন করছেন।