চাঁদপুরের মতলব উত্তরে গত কয়েক মাসে একের পর এক ট্রান্সফরমার চুরির ঘটনায় উদ্বেগ দেখা দিলেও পুলিশের অভিযানে চোরচক্রের কয়েকজন সদস্য আটক হওয়ার পর চুরি চুরির ঘটনা কথা শোনা যায়নি। এ পর্যন্ত ২৭টি ট্রান্সফরমার চুরির ঘটনায় ৬টি মামলা হয়েছে। এসব ঘটনায় ৭ জনকে আটক করেছে মতলব উত্তর থানা পুলিশ। তাদের মধ্যে ভাঙারি ব্যবসায়ী বিল্লাল হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য আদালত এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
সম্প্রতি ট্রান্সফরমার চুরির ঘটনায় অভিযান চালিয়ে চুরি হওয়া ট্রান্সফরমারের ভেতরের তামার তারসহ বিভিন্ন মালামাল উদ্ধার করেছে পুলিশ। এ সময় টানা আনোয়ার নামে এক ভাঙারি ব্যবসায়ীকে আটক এবং একটি পিকআপভ্যান জব্দ করা হয়।
পুলিশ ও পল্লী বিদ্যুৎ সূত্রে জানা যায়, গত কয়েক মাস ধরে রাতের আঁধারে উপজেলার বিভিন্ন এলাকায় বিদ্যুতের খুঁটি থেকে ট্রান্সফরমার খুলে নিয়ে যাচ্ছিল একটি চক্র। চুরি হওয়া ট্রান্সফরমার থেকে মূল্যবান তামার তারসহ বিভিন্ন সরঞ্জাম খুলে ভাঙারি হিসেবে বিক্রি করা হতো বলে পুলিশের ধারণা। ধারাবাহিক চুরির ঘটনায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে দুর্ভোগে পড়েন স্থানীয় গ্রাহকরা।
চুরি প্রতিরোধে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে পুলিশের বিশেষ টিম মাঠে নামে। অভিযানের পাশাপাশি স্থানীয়দের সচেতন করতে মাইকিং ও প্রচার-প্রচারণাও চালানো হয়। বিদ্যুৎ চলে যাওয়ার পর শুধু লোডশেডিং মনে না করে ট্রান্সফরমারের দিকে নজর রাখার জন্যও গ্রাহকদের আহ্বান জানানো হয়।
এরই ধারাবাহিকতায় গত শনিবার মধ্যরাতে উপজেলার বাগানবাড়ী ইউনিয়নের নবীপুর বালুঘাট এলাকায় অভিযান চালায় মতলব উত্তর থানা পুলিশ ও পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের যৌথ টিম। অভিযানে একটি পিকআপভ্যানসহ বিপুল পরিমাণ মালামাল আটক করা হয়। পরে সেগুলো থানায় নেওয়া হয়।
ট্রান্সফরমার চুরি হলে গ্রাহকদেরও আর্থিক ক্ষতির মুখে পড়তে হয়। পল্লী বিদ্যুতের নিয়ম অনুযায়ী, কোনো এলাকায় প্রথমবার ট্রান্সফরমার চুরি হলে নতুন ট্রান্সফরমারের মূল্যের একটি অংশ গ্রাহকদের বহন করতে হয়। গ্রাহকরা নির্ধারিত টাকা পরিশোধ না করলে নতুন ট্রান্সফরমার সরবরাহে বিলম্ব হয়। ফলে সংশ্লিষ্ট এলাকায় দীর্ঘ সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকার কারণে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ।
পুলিশের ধারাবাহিক অভিযান ও কয়েকজনকে আটকের পর মতলব উত্তরে ট্রান্সফরমার চুরি ঘটনা শোনা যাচ্ছে না, স্থানীয়দের দাবি। তবে চোরচক্রের মূলহোতাদের শনাক্ত করে আইনের আওতায় আনা এবং ভবিষ্যতে চুরি পুরোপুরি বন্ধে আরও কঠোর অভিযান চান তারা।
মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামরুল হাসান বলেন, এ পর্যন্ত মতলব উত্তরে ২৭টি ট্রান্সফরমার চুরির ঘটনায় ৬টি মামলা হয়েছে। এসব মামলায় ৬ জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে ভাঙারি ব্যবসায়ী বিল্লাল হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য আদালত এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। চুরির সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, রিমান্ডে তাকে জিজ্ঞাসাবাদসহ তদন্তের মাধ্যমে তা বের করার চেষ্টা চলছে। তদন্তে যাদের সম্পৃক্ততা পাওয়া যাবে, তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে। ট্রান্সফরমার চুরি বন্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর
যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220
ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।
© 2026 Sangbad Sarabela All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh
