নীলফামারীর রামনগরের চাঁদেরহাটে এক কীটনাশক ব্যবসায়ীর বাড়ি থেকে অবৈধভাবে মজুদ করা ১৩০ বস্তা ডিএপি সার জব্দ করেছে উপজেলা প্রশাসন। এ ঘটনায় মজিবর রহমান নামে ওই ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে রামনগর ইউনিয়নের চাঁদেরহাট এলাকায় অভিযান চালিয়ে এসব সার জব্দ করা হয়। পরে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ব্যবসায়ী মজিবর রহমানকে এক লাখ টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুবাশ্বিরা আমাতুল্লাহ। অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা কৃষি কর্মকর্তা আতিক আহমেদ।
উপজেলা কৃষি কর্মকর্তা আতিক আহমেদ বলেন, মজিবর রহমান কীটনাশক ব্যবসায়ী। তিনি কোনো অনুমোদিত সার ডিলার নন। এরপরও তাঁর বাড়িতে বিপুল পরিমাণ ডিএপি সার অবৈধভাবে মজুদ করে রাখা হয়েছিল। অনুমোদন ছাড়া এভাবে সার মজুদ করা আইনত অপরাধ। এ কারণে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মুবাশ্বিরা আমাতুল্লাহ বলেন, সার অবৈধভাবে মজুদ করে কৃত্রিম সংকট তৈরির কোনো সুযোগ দেওয়া হবে না। অবৈধ মজুদদারদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনার পাশাপাশি আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। কৃষকদের স্বার্থে সার সরবরাহ স্বাভাবিক রাখতে প্রশাসন সতর্ক রয়েছে।
উল্লেখ্য, এর আগে নীলফামারী সদর উপজেলার কচুকাটা ইউনিয়নে অভিযান চালিয়ে ৭৯৪ বস্তা অবৈধভাবে মজুদ করা সার জব্দ করে প্রশাসন। ওই ঘটনায় দুটি প্রতিষ্ঠানকে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এর ধারাবাহিকতায় এবার রামনগরের চাঁদেরহাটে অভিযান চালিয়ে আরও ১৩০ বস্তা ডিএপি সার জব্দ করা হলো।