গাজীপুরের মৌচাকে ল্যাভেন্ডার ফ্যাশন লিমিটেডের শ্রমিকদের বেতন ও কারখানার অন্যান্য খরচের ১ কোটি টাকা চুরির ঘটনায় মূলহোতাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ। তবে অভিযানে লুণ্ঠিত পুরো টাকা নয়, বরং লুণ্ঠিত টাকার সিংহভাগ অর্থাৎ ৯৭ লাখ টাকা উদ্ধার করা সম্ভব হয়েছে।
গত ১ সেপ্টেম্বর ২০২৬ তারিখে কারখানাটির শ্রমিকদের বেতন দেওয়ার জন্য টাকা নিয়ে যাওয়ার সময় এই চুরির ঘটনা ঘটে। এক চীনা ব্যবসায়ীর ব্যক্তিগত গাড়ীচালক জাহিদ হাসান পূর্বপরিকল্পিতভাবে এই ১ কোটি টাকা নিয়ে পালিয়ে যান।
ঘটনার পর গাজীপুর ইন্ডাস্ট্রিয়াল পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে। অভিযানে মূলহোতা জাহিদ হাসান এবং একজন নারীসহ মোট তিনজনকে গ্রেপ্তার করা হয়।
৫ সেপ্টেম্বর ২০২৬ (শনিবার) দুপুরে গাজীপুর ইন্ডাস্ট্রিয়াল পুলিশ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোঃ আমজাদ হোসাইন এই তথ্য নিশ্চিত করেন।
পুলিশ জানিয়েছে, চুরি হওয়া বাকি ৩ লাখ টাকা উদ্ধারে এবং এই ঘটনার সাথে অন্য কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখতে তদন্ত ও অভিযান অব্যাহত রয়েছে।