শেরপুরের ঝিনাইগাতীতে ব্যতিক্রমী আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শনিবার বিকেলে ঝিনাইগাতী উপজেলা বিএনপির উদ্যোগে ধানহাটি মোড়ে আলোচনা সভা, আনন্দ শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়াকে শ্রদ্ধাভরে স্মরণ করা হয়। পরে বিএনপির উপজেলা আহ্বায়ক শাহাজাহান আকন্দের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভাটি পরিচালনা করেন উপজেলা বিএনপির সদস্য সচিব লুৎফর রহমান।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর-৩ আসনের সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল। এ সময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক প্রকৌশলী তৌহিদুর রহমান, আব্দুল মান্নান, আব্দুল মান্নান হিরা, শামীম মোস্তফাসহ দলীয় নেতাকর্মী ও অঙ্গসংগঠনের নেতারা।
দলীয় সূত্রে জানা গেছে, উপজেলার ৬৩টি ওয়ার্ড ও ৭টি ইউনিয়নের বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সমন্বয়ে বিভিন্ন স্থান থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা উপজেলা সদরে এসে সমবেত হন। পরে মিছিলটি বড় আকার ধারণ করে জনস্রোতে পরিণত হয়।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সন্ধ্যার পর ঢাকা ও স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এর আগে উপজেলার বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা সমাবেশস্থলে উপস্থিত হন। পরে সদর বাজার থেকে একটি বিশাল আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি মাহমুদুল হক রুবেল বলেন, “দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে সবাইকে শপথ নিয়ে দলের আদর্শ ধারণ করে জনগণের সেবায় কাজ করতে হবে। বর্তমান বিএনপি সরকার গঠন করে মাননীয় প্রধানমন্ত্রী দেশের উন্নয়নে যেভাবে কাজ করে যাচ্ছেন, তা প্রশংসার দাবিদার।”
তিনি আরও বলেন, “আপনারা ক্ষমতার অপব্যবহার করে দলের ও প্রধানমন্ত্রীর সুনাম নষ্ট করলে কঠোর হস্তে তা দমন করা হবে।” এ সময় তিনি জনগণের স্বার্থ ও উন্নয়নের জন্য সবার সহযোগিতা কামনা করেন।
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী জমজমাটভাবে পালনের মধ্য দিয়ে দলের নেতাকর্মীদের মধ্যে নতুন করে উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা।