× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

দুই-একটা কার্ড ছাড়া কিছুই দেয়নি জনগণকে’—সীতাকুণ্ডে শফিকুর রহমানের কড়া সমালোচনা

এম জামশেদ আলম, সীতাকুণ্ড (চট্টগ্রাম)

০৬ সেপ্টেম্বর ২০২৬, ১৩:৫৫ পিএম

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, বিএনপি সরকার ক্ষমতায় এসে জনগণের সঙ্গে বেইমানি করেছে। ক্ষমতায় যাওয়ার আগে জনগণকে দেওয়া প্রতিশ্রুতির কোনোটি পূরণ করা হয়নি দাবি করে তিনি বলেন, ‘দুই-একটা কার্ড বিতরণ করা ছাড়া তারা আর কিছুই করতে পারেনি।’

শনিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চট্টগ্রামের সীতাকুণ্ড পৌরসভার উত্তর বাজার এলাকায় জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোটের ঢাকা-চট্টগ্রাম লংমার্চের পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি ও প্রতারণা করছে। ওয়াদা করে তা লঙ্ঘন করছে। গণভোটের পক্ষে অবস্থান নিয়ে জনগণের কাছ থেকে ভোট আদায় করার পর এখন গণভোটের রায়ের বিরোধিতা করা হচ্ছে। জনগণ তাদের ক্ষমা করবে না।

তিনি বলেন, ‘আমরা রাস্তায় নেমেছি গণভোটের গণরায় বাস্তবায়ন করার জন্য। জুলাই গণ-অভ্যুত্থানের চেতনা বাস্তবায়নের জন্য। আপনাদের ঘরে গ্যাস ফিরিয়ে দেওয়ার জন্য। আপনাদের ঘরে বিদ্যুৎ ও বাতি জ্বালানোর ব্যবস্থা করার জন্য। ইনশাআল্লাহ, দাবি পূরণ করে ঘরে ফিরব।’

সীতাকুণ্ডের স্থানীয় বিভিন্ন সমস্যার প্রসঙ্গ তুলে জামায়াতের আমির উপস্থিত জনতার উদ্দেশে প্রশ্ন করেন, ‘আপনারা কি ২৪ ঘণ্টা বিদ্যুৎ পান, গ্যাস পান? সীতাকুণ্ডে চাঁদাবাজি হয় কি না? মাদক আছে কি না? সন্ত্রাস আছে কি না?’

তিনি আরও বলেন, দেশের মানুষ শান্তিতে নেই। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষ দিশেহারা। বিদ্যুৎ, গ্যাস ও তেলের সংকটসহ মানুষের মৌলিক সমস্যাগুলোর কার্যকর সমাধান হয়নি। দেশের টাকা দুর্নীতিবাজ ও চাঁদাবাজদের পকেটে চলে যাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

জুলাই সনদ প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, ‘বর্তমান সরকার ক্ষমতায় আসার পর প্রথম বেইমানি করেছে জুলাই যোদ্ধাদের সঙ্গে।’ ক্ষমতায় আসার আগে জুলাই সনদ বাস্তবায়নের প্রতিশ্রুতি দেওয়া হলেও এখন সেটি অস্বীকার করা হচ্ছে বলে দাবি করেন তিনি।

তিনি বলেন, ‘জনগণের দেওয়া গণভোটের রায় আমরা ছেড়ে দেব না। এই দাবি আদায় করেই ছাড়ব।’ লংমার্চ সফল করতে বিপুলসংখ্যক মানুষ রাস্তায় নেমেছে উল্লেখ করে তিনি বলেন, এই জনসমাগমের একটি নির্দিষ্ট উদ্দেশ্য রয়েছে এবং সেই উদ্দেশ্য বাস্তবায়নের পথেই তারা এগিয়ে যাচ্ছেন।

দেশে মাদকের বিস্তার নিয়ে উদ্বেগ প্রকাশ করে জামায়াতের আমির বলেন, ‘দেশ মাদকে ভরে গেছে। আমাদের যুবসমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। যুবসমাজকে বাঁচান, দেশকে বাঁচান।’

তিনি আরও বলেন, ‘আমরা আশাবাদী, জনতার বিজয় হবে। জুলাই সনদ বাস্তবায়ন হবে। ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গড়তে আমরা সব দাবি আদায় করব ইনশাআল্লাহ। জনতা আমাদের সঙ্গে আছে, আমরা গন্তব্যে পৌঁছাব।’

পথসভায় ডা. শফিকুর রহমান ছাড়া ১১ দলীয় ঐক্যজোটের অন্য কোনো নেতা বক্তব্য দেননি। এ সময় জামায়াতে ইসলামীর চট্টগ্রাম উত্তর জেলা আমির আলাউদ্দিন সিকদারসহ জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন।

বক্তব্য শেষে লংমার্চের গাড়িবহর চট্টগ্রাম নগরের লালদীঘি ময়দানের উদ্দেশে রওনা দেয়। এ সময় গাড়িবহর থেকে পথসভা ও বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে প্রায় ৪০ মিনিট যানজটের সৃষ্টি হয়।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.