নাটোরের বড়াইগ্রামে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। তিন দিনব্যাপী এ প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা দাবা, হাডুডু, সাঁতারসহ বিভিন্ন ইভেন্টে অংশ নেয়।
প্রতিযোগিতা শেষে বিজয়ী ও কৃতী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। উপজেলা স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বড়াইগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা লায়লা জান্নাতুল ফেরদৌস। তিনি বিজয়ী শিক্ষার্থীদের অভিনন্দন জানান এবং প্রতিযোগিতায় অংশ নেওয়া সব শিক্ষার্থীর প্রতি শুভেচ্ছা জানান।
অনুষ্ঠানে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. সেলিম আক্তার, বনপাড়া মাদ্রাসার সুপার মোয়াজ্জেম হোসেন, বনপাড়া মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক খাদিমুল ইসলামসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও ক্রীড়া সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন একাডেমিক সুপারভাইজার মনিরুজ্জামান।বক্তারা বলেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের নিয়মিত খেলাধুলায় সম্পৃক্ত করতে হবে। খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি শৃঙ্খলা, নেতৃত্বের গুণাবলি ও পারস্পরিক সহযোগিতার মনোভাব গড়ে তোলে। মাদক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে শিক্ষার্থীদের দূরে রাখতেও খেলাধুলা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
শিক্ষার্থীদের নিয়মিত ক্রীড়া চর্চায় অংশ নেওয়ার পাশাপাশি এ বিষয়ে তাদের উৎসাহিত করতে অভিভাবক ও শিক্ষকদের আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান বক্তারা।