রংপুরের বদরগঞ্জ উপজেলার কুতুবপুর ইউনিয়নের পাকারমাথা ফেস্কিপাড়া এলাকার একটি আমের বাগান থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে বদরগঞ্জ থানা পুলিশ।
রোববার (৬ সেপ্টেম্বর) বিকেলে স্থানীয়রা ওই যুবকের লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। খবর পেয়ে বদরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত যুবকের বয়স আনুমানিক ২৫ থেকে ২৮ বছর। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত তাঁর নাম-পরিচয় জানা যায়নি। তাঁর পরনে ছিল কালো রঙের প্যান্ট ও আকাশি রঙের ফতুয়া।
স্থানীয় বাসিন্দা মিনাজুল ইসলাম বলেন, পাকেরমাতা রেল ব্রিজের পাশে ফেস্কিপাড়া নামক এলাকার একটি আম বাগানে লাশটি পড়ে থাকতে দেখে স্থানীয় এক যুবক। প্রচুর দুর্গন্ধ ছড়াচ্ছে। আমরা শুনে দেখতে এসেছি।
পুলিশ বলছেন, মরদেহটির মুখ নষ্ট হয়ে গেছে বোঝা যাচ্ছে না। সিআইডি টিম মরদেহটি সনাক্ত করবে।
বদরগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হাসান জাহিদ সরকার বলেন, নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। লাশটি ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।