নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ১০ নম্বর নরোত্তমপুর ইউনিয়নে মাদক, চুরি, ডাকাতি, ছিনতাই, ইভটিজিং, কিশোর গ্যাং রোধ এবং অবৈধ অস্ত্র উদ্ধারের মাধ্যমে সমাজের শান্তি-শৃঙ্খলা রক্ষায় এক সচেতনতামূলক সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৮ সেপ্টেম্বর) বিকেলে বেগমগঞ্জ মডেল থানার আয়োজনে এবং স্থানীয় বিএনপি ও সর্বস্তরের জনসাধারণের সার্বিক সহযোগিতায় ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়।
বেগমগঞ্জ মডেল থানার ওসি (তদন্ত) মাহবুবুল কবিরের সভাপতিত্বে এবং ছাত্রনেতা আবির মাহমুদের প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আ. ন. ম. ইমরান খান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেগমগঞ্জ মডেল থানার উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম, উপজেলা বিএনপির সদস্য রফিক উল্লা পাটোয়ারী, উপজেলা বিএনপির সাবেক সহ-দপ্তর সম্পাদক জামাল উদ্দিন, সদস্য মামুনুর রশীদ মামুন, সাবেক প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মোহাম্মদ সাইফুল ইসলাম এবং হাজী ইসমাইল মুন্সী জামে মসজিদের সভাপতি ফখরুল ইসলাম।
এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি নেতা শাহাব উদ্দিন, মাহবুবুল আলম তপন, আব্দুল হালিম, শাহ্ আলম; যুবনেতা সুমন মিয়া, ইয়াসিন মিঝি, ফারুক চৌধুরী, জহির; স্বেচ্ছাসেবক দল নেতা ইকবাল হোসেন সোহেল, সবুজ মির্জা; কৃষক দল নেতা আনোয়ার মিঝি; উপজেলা শ্রমিক দল নেতা রূপক; ইউনিয়ন ছাত্রদল নেতা নাঈম উদ্দিন ইমনসহ এলাকার বিপুলসংখ্যক সচেতন নাগরিক।
সভায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা মাদক নির্মূলে নিজ নিজ সন্তানদের গতিবিধির ওপর নজর রাখার জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানান। পাশাপাশি সামাজিক সংগঠন ও মসজিদের ইমাম-আলেমদের মাদকের কুফল নিয়ে আলোচনার অনুরোধ জানিয়ে অপরাধ দমনে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান তারা।
অন্যদিকে, বিএনপি নেতৃবৃন্দ নোয়াখালী-৩ আসনের সাবেক সংসদ সদস্য বরকত উল্লাহ বুলুর নির্দেশনা অনুযায়ী মাদক ও সব ধরণের অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি মেনে চলে একটি সুন্দর ও অপরাধমুক্ত সমাজ গড়তে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।
আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য র্যালি ইউনিয়ন পরিষদের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সমাপ্ত হয়।