নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদ আয়োজিত এসএইচএসএস ডিস্টিংগুইশড ওয়েবিনার সিরিজের অংশ হিসেবে ৮ সেপ্টেম্বর “ইতিহাসলব্ধ আবেগীয় দৃষ্টিতে ইউরোপ” শীর্ষক একটি বিশেষ ওয়েবিনার অনুষ্ঠিত হয়।
সমসাময়িক বৈশ্বিক রাজনীতি, ইউরোপীয় পররাষ্ট্রনীতি এবং নীতিনির্ধারণ বিষয়ক এ আয়োজনে ইউরোপের রাজনৈতিক ও পররাষ্ট্রনীতির অন্তর্নিহিত আবেগীয় মাত্রা এবং বৈশ্বিক সংকটে ইউরোপের নীতিগত প্রতিক্রিয়া নিয়ে আলোচনা করা হয়।
ওয়েবিনারে মূল উপস্থাপক হিসেবে যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স ইউনিভার্সিটির স্কুল অব অ্যাডভান্সড ইন্টারন্যাশনাল স্টাডিজের প্রফেসর অব দ্য প্র্যাকটিস নাথালি তচি উপস্থিত ছিলেন। ওয়েবিনারে সভাপতিত্ব করেন নর্থ সাউথ ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী। অনুষ্ঠানে সূচনা বক্তব্য প্রদান করেন মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক মো. রিজওয়ানুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মিডিয়া, কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম বিভাগের প্রভাষক মৃত্তিকা আনান রহমান।
মূল বক্তব্যে প্রফেসর নাথালি তচি ইউরোপীয় রাজনীতি ও পররাষ্ট্রনীতিতে ইউরোপের ইতিহাসলব্ধ আবেগ ও অনুতাপবোধের ভূমিকা নিয়ে বিশদ আলোচনা করেন। তিনি উল্লেখ করেন, ইউরোপের মূলধারার রাজনীতিকেরা প্রায়ই অভ্যন্তরীণ নীতিনির্ধারণকে আবেগমুক্ত ও নিরাবেগ রাখার চেষ্টা করেন। এই প্রবণতার পেছনে নাৎসি যুগে রাজনৈতিক আবেগের ভয়াবহ অপব্যবহারের ঐতিহাসিক অভিজ্ঞতা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তবে তাঁর মতে, বৈশ্বিক পরিসরে ইউরোপের পররাষ্ট্রনীতি একইভাবে নিরপেক্ষ বা আবেগমুক্ত নয়; বরং সেখানে ব্যক্তিগত, রাজনৈতিক ও কৌশলগত বিবেচনার যথেষ্ট প্রভাব রয়েছে।
প্রফেসর তচি এ প্রসঙ্গে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের সময় ইউরোপীয় দেশগুলোর দ্রুত ও কঠোর নিষেধাজ্ঞা আরোপের সঙ্গে গাজায় ইসরায়েলের কর্মকাণ্ডের ক্ষেত্রে ইউরোপের তুলনামূলক ভিন্ন অবস্থানের একটি গুরুত্বপূর্ণ তুলনা তুলে ধরেন। তাঁর মতে, ইউক্রেনে সংঘটিত মানবিক বিপর্যয়ের বিরুদ্ধে ইউরোপ যেভাবে দ্রুত ও দৃঢ় পদক্ষেপ নিয়েছে, গাজার ক্ষেত্রে তেমন মাত্রার ব্যবস্থা গ্রহণ করা হয়নি। এর মধ্য দিয়ে তিনি দেখান যে, মানবিক অনুষ্ঠানসংকট ও আন্তর্জাতিক ন্যায়বিচারের প্রশ্নে ইউরোপের নীতি-প্রতিক্রিয়া অনেক সময় কেবল নীতিগত অবস্থানের দ্বারা নির্ধারিত হয় না; বরং কৌশলগত জোট, রাজনৈতিক সম্পর্ক ও আন্তর্জাতিক ক্ষমতার সমীকরণও এসব প্রতিক্রিয়াকে গভীরভাবে প্রভাবিত করে।
স্বাগত বক্তব্যে অধ্যাপক রিজওয়ানুল ইসলাম ইউরোপীয় পররাষ্ট্রনীতি ও শাসনব্যবস্থার অন্তর্নিহিত আবেগগত মাত্রার প্রতি দৃষ্টি আকর্ষণ করেন। তিনি এই আবেগকে একটি ‘মিশ্র শক্তি’ হিসেবে অভিহিত করেন, যা ইউরোপের রাজনৈতিক ও নীতিনির্ধারণী আচরণকে বিভিন্নভাবে প্রভাবিত করে।
ওয়েবিনারে সভাপতির বক্তব্যে নর্থ সাউথ ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী বর্তমান বৈশ্বিক বাস্তবতায় আলোচ্য বিষয়টির গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, ক্রমবর্ধমান ভূরাজনৈতিক মেরুকরণ, আন্তর্জাতিক সংঘাত ও পরাশক্তিগুলোর প্রতিদ্বন্দ্বিতার এই সময়ে এ ধরনের বুদ্ধিবৃত্তিক আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি প্রফেসর নাথালি তচিকে তাঁর মূল্যবান অন্তর্দৃষ্টি, বিশ্লেষণ ও অবদানের জন্য ধন্যবাদ জানান।
অনুষ্ঠানের শেষ পর্বে শিক্ষার্থী, শিক্ষক ও গবেষকদের অংশগ্রহণে একটি প্রাণবন্ত প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। এতে ইউরোপের রাজনৈতিক মনস্তত্ত্ব, পররাষ্ট্রনীতি, বৈশ্বিক সংঘাত এবং মানবিক সংকটে আন্তর্জাতিক প্রতিক্রিয়াসহ বিভিন্ন বিষয়ে প্রশ্ন ও মতামত উঠে আসে। ওয়েবিনারের সমাপনকালে আয়োজকেরা ভবিষ্যতেও এ ধরনের বুদ্ধিবৃত্তিক অনুষ্ঠানের আয়োজনের মাধ্যমে সমসাময়িক বৈশ্বিক বিষয়াবলী নিয়ে জ্ঞানচর্চা ও সংলাপকে আরও সমৃদ্ধ করার প্রত্যয় ব্যক্ত করেন।
সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর
যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220
ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।
© 2026 Sangbad Sarabela All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh
