× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বড়লেখায় মিথ্যা মামলায় জড়ানোর অভিযোগ, সংবাদ সম্মেলনে সোনাহর আলী

রেদওয়ান আহমদ, বড়লেখা (মৌলভীবাজার)

০৯ সেপ্টেম্বর ২০২৬, ১৮:৪৯ পিএম

মৌলভীবাজারের বড়লেখায় মিথ্যা ও হয়রানিমূলক মামলায় জড়ানোর অভিযোগ তুলে অব্যাহতি ও ন্যায়বিচারের দাবি জানিয়েছেন সোনাহর আলী। বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে বড়লেখা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে তিনি এ দাবি জানান।

সোনাহর আলী উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের ঘোলসা গ্রামের বাসিন্দা। সংবাদ সম্মেলনে তাঁর পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন।

লিখিত বক্তব্যে সোনাহর আলী বলেন, একই এলাকার বাসিন্দা আব্দুস সালামের সঙ্গে তাঁদের পরিবারের দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এর জের ধরে তাঁদের পরিবারকে বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে। সর্বশেষ তাঁদের বিরুদ্ধে সিআর মামলা নম্বর ৬৮৬/২০২৫ করা হয়েছে বলে তিনি জানান।

সোনাহর আলীর দাবি, ওই মামলায় তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে নিজেদের সীমানার জমিতে থাকা গাছ চুরি করে কেটে বিক্রির অভিযোগ আনা হয়েছে। তবে এ অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেন তিনি। মামলায় অভিযুক্ত ব্যক্তিরা নিজেদের জমির সীমানার মধ্যে নিজেদের লাগানো গাছ বিক্রি করেছেন। অন্যের জমিতে প্রবেশ করে গাছ কাটা বা চুরির কোনো ঘটনা ঘটেনি। এ বিষয়ে জমির মালিকানা, সীমানা ও গাছের মালিকানা সরেজমিনে যাচাই করার দাবি জানান তিনি।

মামলার তদন্ত প্রভাবিত করার চেষ্টা হচ্ছে বলেও অভিযোগ করেন সোনাহর আলী। তিনি বলেন, কোনো পক্ষের চাপ বা প্রভাব ছাড়াই নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা বের করা প্রয়োজন।  একই বিরোধকে কেন্দ্র করে এর আগে একাধিক মামলা হয়েছে। এসব মামলার নথিপত্র ও আদালতের রায় পর্যালোচনা করলে বিরোধের প্রকৃত কারণ ও ঘটনাপ্রবাহ সম্পর্কে ধারণা পাওয়া যাবে। তাই আগের মামলাগুলোর নথি ও আদালতের রায়ও পর্যালোচনার দাবি জানান তিনি।

তিনি বলেন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বিষয়টি মীমাংসার জন্য একাধিকবার উদ্যোগ নিলেও স্থায়ী সমাধান হয়নি। এতে তাঁদের পরিবারকে বিভিন্নভাবে হয়রানির শিকার হতে হচ্ছে। তাঁরা আইন নিজের হাতে তুলে নিতে চান না। দেশের প্রচলিত আইন ও বিচারব্যবস্থার প্রতি তাঁদের আস্থা রয়েছে। তাই নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

সংবাদ সম্মেলনে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি নিরপেক্ষভাবে বিষয়টি তদন্তের আহ্বান জানান সোনাহর আলী ও তাঁর পরিবারের সদস্যরা।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.