রাজধানীর হাতিরঝিলে ছিনতাইয়ের চেষ্টাকালে দর্শনার্থীদের চিৎকার শুনে তাৎক্ষণিক তৎপর হয়ে এক যুবককে হাতেনাতে আটক করেছেন দায়িত্বে থাকা আনসার সদস্যরা। পরে আটক ব্যক্তিকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য হাতিরঝিল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
৯ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. রাত আনুমানিক ১০টা ৩০ মিনিটে ঢাকা মহানগর আনসার (ডিএমএ) পশ্চিম জোনের হাতিরঝিল থানাধীন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) হাতিরঝিলের মহানগর পশ্চিম (জিএমজি) এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় ছিনতাইয়ের চেষ্টা চালালে দর্শনার্থীদের চিৎকার শুনতে পান সেখানে কর্তব্যরত আনসার সদস্যরা। এপিসি শেখ রাসেলের নেতৃত্বে তারা দ্রুত ঘটনাস্থলে এগিয়ে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন এবং ছিনতাইয়ের চেষ্টাকারীকে আটক করতে সক্ষম হন।
আটক ব্যক্তির নাম নয়ন (১৯)। তার পিতার নাম মামুন। সে ঢাকার তেজগাঁও থানাধীন মহাখালী এলাকার বাসিন্দা।
এ সময় দায়িত্ব পালন করেন এপিসি শেখ রাসেল, আনসার মোঃ জাকির হোসেন এবং আনসার মোঃ তাহিম মোল্লা। পরবর্তীতে সংস্থা কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী আটক যুবককে হাতিরঝিল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
জননিরাপত্তা নিশ্চিত করতে রাজধানীর গুরুত্বপূর্ণ ও জনসমাগমপূর্ণ এলাকায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা নিরলসভাবে দায়িত্ব পালন করে আসছেন। দায়িত্ব পালনের সময় যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে দ্রুত সাড়া দেওয়া, অপরাধ প্রতিরোধ এবং সাধারণ মানুষের নিরাপত্তায় পাশে দাঁড়ানো তাদের নিয়মিত দায়িত্বের অংশ। হাতিরঝিলে ছিনতাইয়ের চেষ্টার ঘটনায় আনসার সদস্যদের তাৎক্ষণিক তৎপরতা জননিরাপত্তা রক্ষায় তাদের দায়িত্বশীলতা, সতর্কতা ও পেশাদারিত্বের একটি উজ্জ্বল দৃষ্টান্ত।