পাবনার ঈশ্বরদীতে ছেলের বিয়ের আনন্দ মুহূর্তেই বিষাদে রূপ নিয়েছে। একমাত্র বা সন্তানের বিয়ের বাজার শেষ করে বাড়ি ফেরার পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন স্বামী-স্ত্রী।
বুধবার (৯ সেপ্টেম্বর) রাত সাতটার দিকে ঈশ্বরদীর আলহাজ্ব থেকে নতুনহাট সড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহত দম্পতি হলেন—ঈশ্বরদী উপজেলার সাহাপুর ইউনিয়নের মন্ত্রী মোড় মালিতা পাড়া এলাকার মৃত সাত্তারের ছেলে আনারুল উদ্দিন মালিথা ও তাঁর স্ত্রী শম্পা খাতুন।
স্থানীয় সূত্রে জানা যায়, ছেলের আসন্ন বিয়ের জন্য প্রয়োজনীয় কেনাকাটা করতে তাঁরা মোটরসাইকেলে করে ঈশ্বরদী বাজারে এসেছিলেন। বাজার শেষে বিকেলে আলহাজ্ব থেকে নতুনহাট সড়কে ওঠার পর একটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। দুটি ট্রাকের মাঝখানে চাপা পড়ে তাঁদের বহনকারী মোটরসাইকেলটি সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে যায়।
এ সময় ঘটনাস্থলেই মারাত্মকভাবে আহত হন স্বামী এবং ঘটনাস্থলেই স্ত্রীর মৃত্যু হয়। খবর পেয়ে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত স্বামীকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকেও মৃত বলে ঘোষণা করেন।
ছেলের বিয়ের আনন্দঘন মুহূর্তের প্রস্তুতিতে এমন হৃদয়বিদারক মৃত্যুতে পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। পরিবার ও স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে এলাকার বাতাস।
এই বিষয়ে ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) আশাদুর রহমান আসাদ জানান, পরিবারের আবেদনের প্রেক্ষিতে মরদেহ দুটি হস্তান্তর করা হবে এবং পরিবার মামলা করলে সে অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া একটি ঘাতক ট্রাকচালকবিহীন অবস্থায় আটক করে থানায় নিয়ে আসা হয়েছে।