আগামী ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমানের ফেনীর ফুলগাজী উপজেলা সফর উপলক্ষে প্রস্তুতির অগ্রগতি ও সার্বিক পরিস্থিতি পরিদর্শন করেছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী ডা: এ জেড এম জাহিদ হোসেন।
বুধবার (৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে ফুলগাজী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জনসভা স্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। মন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর সফরে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ইমাম-পুরোহিতদের ভাতা ও ২৪৯ কিলোওয়াট সোলার প্যানেল স্থাপনসহ বিভিন্ন কর্মসূচির উদ্বোধন করা হবে।
একই সঙ্গে একনেক সভায় অনুমোদিত ১ হাজার ৫৪২ কোটি টাকা ব্যয়ে মুহুরী প্রকল্পের বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণ কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।
মন্ত্রী বলেন, বিএনপি কথায় নয় বাস্তবায়নে বিশ্বাসী ফেনীর মানুষ বিএনপিকে ভালোবাসে এবং আগামী ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীকে সাদরে গ্রহণের মাধ্যমে তার প্রমাণ মিলবে। তিনি ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়াকে প্রধানমন্ত্রীর ‘নাড়ি পোতা’ এলাকা হিসেবে উল্লেখ করেন।
ফুলগাজীকে পৌরসভায় রূপান্তর প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, এ বিষয়ে আগামী ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নিজেই কথা বলবেন। প্রধানমন্ত্রীর সফরকালে সুধী সমাজের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময়ের পাশাপাশি শিক্ষা ও চিকিৎসায় সহায়তার বিভিন্ন কর্মসূচির কথাও জানান তিনি।
এ সময় স্থানীয় সংসদ সদস্য রফিকুল আলম মজনু বলেন, প্রধানমন্ত্রীর কর্মসূচিতে ফুলগাজী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ৪০ থেকে ৫০ হাজার মানুষের সমাগমের ব্যবস্থা করা হবে।
পরিদর্শনকালে ফেনী জেলা প্রশাসক মোহাম্মদ মাহবুবউল করিম, ফেনী জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক এম এ খালেক, ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কাউছার হামিদ, সহকারী কমিশনার (ভূমি) সোহেলী নোশীন প্রত্যাশা, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু তালেব, জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, জেলা যুবদলের সদস্য সচিব নঈম উল্লাহ চৌধুরী বরাত, ফুলগাজী উপজেলা বিএনপির আহবায়ক ফখরুল আলম স্বপন, সদস্য সচিব আবুল হোসেন ভূঁইয়া, সিনিয়র যুগ্ম আহবায়ক গোলাম রসুল মজুমদার গোলাপসহ প্রশাসন ও পুলিশ বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।